ঢাকা, অক্টোবর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টানা কয়েক বছরের চেষ্টার পর দেশের আরো পাঁচ জেলাকে ফাইলেরিয়ামুক্ত ঘোষণা করেছে স্বাস্থ্য অধিদপ্তর। জেলাগুলো হচ্ছে পাবনা, সিারজগঞ্জ, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা ও পিরোজপুর।
স্বাস্থ্য প্রতিমন্ত্রী মুজিবুর রহমান ফকির রোববার রাজধানীতে এক আনুষ্ঠানে এ ঘোষণা দেন। তিনি জানান, ওই পাঁচ জেলায় ফাইলেরিয়া রোগে আক্রান্তের হার এক শতাংশে নিচে নামিয়ে আনার লক্ষ্য পূরণ হওয়ায় জেলাগুলোকে ফাইলেরিয়ামুক্ত ঘোষণা করা হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এক সময় দেশের সাত কোটির বেশি মানুষ মশার মাধ্যমে সংক্রমিত এ রোগের হুমকিতে ছিল। গত বছর ২৪ অক্টোবর দেশে প্রথমবারের মতো মেহেরপুর, রাজশাহী, দিনাজপুর, পটুয়াখালী ও বরগুনা জেলাকে ফাইলেরিয়ামুক্ত ঘোষণা করা হয়।
চিকিৎসকরা জানান, বাংলাদেশে ‘গোদ রোগ’ নামে পরিচিত এ রোগের পরজীবী মানবদেহের গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা ব্যবস্থা লসিকাতন্ত্রে ঘাঁটি গাড়ে এবং রক্তে লসিকার প্রবাহ ব্যাহত করে। এতে করে আক্রান্ত ব্যক্তি অসুস্থ হয়ে পড়েন।
প্রাথমিক পর্যায়ে চিকিৎসা না হলে এ রোগ জটিল আকার ধারণ করতে পারে এবং তেমন পর্যায়ে চিকিৎসার খুব একটা সুযোগ থাকে না।
সেন্টার ফর ডিজিজেস কন্ট্রোলের পরিচালক ডা. বে-নজির আহমেদ জানান, ফাইলেরিয়া আক্রান্ত ব্যক্তির বাহু, পা, যৌনাঙ্গসহ শরীরের বিভিন্ন অঙ্গ অস্বাভাবিকভাবে ফুলে মোটা হয়ে যায়। পাশাপাশি জ্বর, সর্দি, কাঁপুনি, শ্বাস কষ্ট ও ব্যথার মতো উপসর্গ দেখা দেয়।
২০১৫ সালের মধ্যে বাংলাদেশ থেকে ফাইলেরিয়া নির্মূলের লক্ষ্যের কথা জানিয়ে স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, “এ রোগের কারণে আক্রান্ত ব্যক্তিকে সামাজিক ও অর্থনৈতিকভাবে সমস্যায় পড়তে হয়।”
পরবর্তী পদক্ষেপ হিসাবে সরকার দেশের নয়টি জেলায় ফাইলেরিয়ানিরোধী অভিযান চালাবে। এর মধ্যে রয়েছে দেশের উত্তরাঞ্চলের সাত জেলা এবং দক্ষিণাঞ্চলের দুই জেলা। এসব জেলায় ফাইলেরিয়া রোগ ব্যাপক আকার ধারণ করেছে বলে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) পরামর্শ অনুযায়ী ২০০১ সাল থেকে উপদ্রুত এলাকাগুলোতে ফাইলেরিয়ানিরোধী বিশেষ স্বাস্থ্য সেবা কার্যক্রম শুরু করে সরকার। এসব এলাকায় শতকরা ৭০ ভাগ মানুষকে বছরে একবার করে টানা পাঁচ বছর ওষুধ সেবন করানো হয়।
সরকারের ফাইলেরিয়া নিয়ন্ত্রণ কর্মসূচির সহকারী প্রকল্প পরিচালক ড. রুজেলি হক বলেন, যেসব জেলা ফাইলেরিয়ামুক্ত ঘোষণা করা হয়েছে, সেসব স্থানে ব্যাপকভিত্তিক ওষুধ বিতরণ বন্ধ করা হলেও ফাইলেরিয়ার নিয়মিত চিকিৎসা অব্যাহত থাকবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআইএইচ/এফএ/জেকে/১৩৪৫ ঘ.
bdnews24