২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডেসটিনির হারুনের জামিন স্থগিতের আবেদন

মুদ্রা পাচারের দুই মামলায় হাই কোর্টের আদেশে মুক্তির পরদিন ডেসটিনি ২০০০ এর প্রেসিডেন্ট ও সাবেক সেনাপ্রধান হারুন-অর-রশিদের জামিন স্থগিতের আবেদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Oct 2012, 07:23 AM

Updated : 24 Aug 2022, 12:22 PM

ঢাকা, অক্টোবর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুদ্রা পাচারের দুই মামলায় হাই কোর্টের আদেশে মুক্তির পরদিন ডেসটিনি ২০০০ এর প্রেসিডেন্ট ও সাবেক সেনাপ্রধান হারুন-অর-রশিদের জামিন স্থগিতের আবেদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের আইনজীবী মো. খুরশীদ আলম খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “হাই কোর্টের দেওয়া জামিন আদেশ স্থগিত করার জন্য আজ (রোববার) আপিল বিভাগে আবেদন করা হয়েছে। আগামীকাল (সোমবার) আপিল বিভাগের অবকাশকালীন চেম্বার বিচারপতির আদালতে এ বিষয়ে শুনানি হতে পারে।” ডেসটিনির সঙ্গে কোনো ধরনের যোগাযোগ না রাখার শর্তে গত বৃহস্পতিবার হারুনকে জামিন দেয় হাই কোর্ট। এই আদেশের পর শনিবার বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে কারা তত্ত্বাবধানে চিকিৎসাধীন হারুনকে মুক্তি দেয়া হয়। হাই কোর্টের আদেশে বলা হয়, স্বাস্থ্যগত সমস্যা ও সামাজিক অবস্থান বিবেচনায় দুই মাসের জন্য হারুনকে এই জামিন দেওয়া হল। তবে তিনি ডেসটিনির সঙ্গে কোনো ধরনের যোগাযোগ রাখতে পারবেন না। শর্ত লঙ্ঘন করলে জামিন আপনাআপনি বাতিল হয়ে যাবে বলেও আদেশে উল্লেখ করা হয়। এই দুই মামলায় গত ১১ অক্টোবর নিম্ন আদালতে আত্মসমর্পণের পর সেক্টর কমান্ডারস ফোরামের সাবেক সমন্বয়ক হারুনকে কারাগারে পাঠানো হয়। একই দিনে তার সঙ্গে কারাগারে যাওয়া ডেসটিনি গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ হোসেন ও ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আমিনকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন। হারুনের জামিন আদেশের পর দুদকের আইনজীবী মো. খুরশীদ আলম খান বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আদালত স্বাস্থ্যগত অবস্থা বিবেচনায় ডেসটিনি প্রেসিডেন্টকে জামিন দিয়েছে। একইসঙ্গে তিনি একজন সাবেক সেনাপ্রধান, মুক্তিযুদ্ধে তার অবদানও বিবেচনায় নেয়া হয়েছে। “আদালত এই জামিনে বেশ কিছু শর্তও দিয়েছে। এগুলোর মধ্যে রয়েছে- তিনি দেশের বাইরে যেতে পারবেন না, ডেসটিনির কোনো কর্মকর্তা-কর্মচারী বা মামলার অন্য আসামির সঙ্গে ফোনে বা সরাসারি দেখা বা কথা বলতে পারবেন না। ডেসটিনি বা আটক ব্যক্তিদের পক্ষে কোনো বিবৃতি দিতে বা কোনো তদবির করতে পারবেন না।” মামলার তদন্তে দুদককে সহায়তা করতেও হারুনকে বলা হয়েছে বলে জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/জেকে/১৩১৭ ঘ.