২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঈদের পরে মোবাইল রিচার্জ ব্যবসায়ীদের ‘কঠোর কর্মসূচি’

মোবাইল ফোনের রিচার্জের কমিশন ২৭ টাকা থেকে বাড়িয়ে একশ টাকা করাসহ ১১ দফা দাবিতে ঈদ ও দুর্গা পূজার পর নতুন করে কঠোর কর্মসূচি দেয়া হবে বলে মোবাইল ফোন অপারেটরদের হুঁশিয়ার করেছে ‘রিচার্জ’ ব্যাবসায়ীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Oct 2012, 08:34 AM

Updated : 24 Aug 2022, 12:22 PM

ঢাকা, অক্টোবর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মোবাইল ফোনের রিচার্জের কমিশন ২৭ টাকা থেকে বাড়িয়ে একশ টাকা করাসহ ১১ দফা দাবিতে ঈদ ও দুর্গা পূজার পর নতুন করে কঠোর কর্মসূচি দেয়া হবে বলে মোবাইল ফোন অপারেটরদের হুঁশিয়ার করেছে ‘রিচার্জ’ ব্যাবসায়ীরা। বাংলাদেশ মোবাইল ফোন রিচার্জ ব্যাবসায়ী অ্যাসোসিয়েশনের সভাপতি আমিনুল ইসলাম বুলু রোববার সকালে রাজধানীর মিরপুরের ১১ নম্বর সেক্টরে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন। তিনি বলেন, “আমাদের পূর্ব ঘোষিত চারদিনের ধর্মঘটের আজ শেষ দিন। এখন পর্যন্ত আমরা মুঠোফোন কোম্পানি কিংবা বিটিআরসি থেকে কোনো ধরনের আশ্বাস পাইনি।” “দুর্গা পূজা ও কোরবানির ঈদের বিষয়টি বিবেচনা করে আমরা সিদ্ধান্ত নিয়েছি, এ মুহূর্তে আর নতুন কোনো কর্মসূচি নেওয়া হবে না। তবে ঈদের পরে আমরা আবারো আন্দোলন শুরু করব। আমাদের দাবি না মানা পর্যন্ত আন্দোলন চলবে”, বলেন আমিনুল ইসলাম। তিনি অভিযোগ করেন, “মুঠোফোন কোম্পানিগুলো আমাদের ন্যায্য দাবি না মেনে উল্টো নতুন রিটেইলার নিয়োগ দেয়ার কথা বলে আমাদের হুমকি দিচ্ছে।” এ অবস্থা থেকে ‘পরিত্রাণের জন্য’ প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন তিনি। ঈদের পরে কেমন কর্মসূচি আসতে পারে জানতে চাইলে সংগঠনের সাধারণ সম্পাদক এইচএম বদরুদ্দোজা বলেন, “আমরা প্রথমে এক দিনের জন্য রিচার্জ বন্ধ রেখেছিলাম, এর পরে চারদিন। এর পরেও কোম্পানিগুলোর টনক না নড়লে অনির্দিষ্টকালের কর্মসূচি আসতে পারে।” মোবাইল ফোন অপারেটরদের ‘বিদেশি দালাল’ আখ্যায়িত করে তাদের প্রতিহত করতে সব রিচার্জ ব্যাসায়ীদের ঐকবদ্ধ হওয়ার আহবান জানান তিনি। কমিশন বৃদ্ধিসহ ১১ দফা দাবিতে গত বৃহস্পতিবার থেকে চার দিন সারা দেশে মোবাইল ফোনের বিল রিচার্জ বন্ধ রাখে ব্যবসায়ীদের এই সংগঠনটি। কমিশন বাড়ানো ছাড়াও অ্যাসোসিয়েশনের মাধ্যমে নতুন সিম দেওয়া, পিসিও সিমে ২৪ ঘন্টা ২৫ পয়সা মিনিট কলরেট ধার্য করা, ভুল নম্বরে রিচার্জ করলে টাকা ফেরতের ব্যবস্থা করা, শুধু রিচার্জ ব্যবসার সঙ্গে জড়িতদের রিচার্জে সিম দেওয়া, রিচার্জের সিমে বাধ্যতামূলক জামানত বন্ধ করা, রিচার্জ ব্যবসায়ীদের স্বার্থে জাতীয় নীতিমালা করা ও সহজ শর্তে ব্যাংক ঋণ দেয়াসহ মোট ১১টি দাবি জানিয়েছে তারা। এসব দাবিতে এর আগে ঢাকাসহ দেশের জেলা শহরগুলোতে আলাদাভাবে তিন দিন করে ধর্মঘট পালন করেন রিচার্জ ব্যবসায়ীরা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএ/জেকে/১৪২৫ ঘ.