রাজশাহী বিশ্ববিদ্যালয়, অক্টোবর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহীতে দুই শিক্ষার্থীর দ্বন্দ্বের মীমাংসা করতে গিয়ে ছুরির আঘাতে নিহত হয়েছেন এক বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী।
শনিবার রাত সাড়ে আটটার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয় সংলগ্ন বিনোদপুর বাজারে ইউনিভার্সিটি অব ইনফরমেশন সায়েন্স অ্যান্ড টেকনোলজির বিবিএ তৃতীয় বর্ষের শিক্ষার্থী আব্দুর রহিম খুন হন।
মতিহার থানার ওসি আনিছুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শনিবার রাত ৮টার দিকে আব্দুর রহিম তার এলাকার ছোট ভাই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ছাত্র শয়ন আহমেদের বিনোদপুর বাজারের (বাসা নং ৩/৪ বিনোদপুর) ছাত্রাবাসে যান। সেখানে শাকিব খান (ব্যবস্থাপনা বিভাগ) ও শয়নের বন্ধু সজলের মধ্যে চলমান দ্বন্দ্ব মীমাংসার চেষ্টা করেন।
এক পর্যায়ে শাকিবের বন্ধু আরিফ আব্দুর রহিমকে পেছন থেকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
আহত আব্দুর রহিমকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাবার সময় পথে তার মৃত্যু হয়।
রহিমের বাড়ি নাটোর জেলায়। তার লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
শনিবার রাত সাড়ে ১০টা পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা হয়নি বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএ/এসইউ/২২৩৫ ঘ.
bdnews24