২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্ত্রী নির্যাতনের অভিযোগকে ‘মিথ্যা’ দাবি খুবি শিক্ষকের

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষকের আনা যৌতুকের দাবিতে স্ত্রী নির্যাতনের অভিযোগকে ‘মিথ্যা’ বলে দাবি করেছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক ওসমান গণি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Oct 2012, 01:34 PM

Updated : 24 Aug 2022, 12:21 PM

চট্টগ্রাম, অক্টোবর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষকের আনা যৌতুকের দাবিতে স্ত্রী নির্যাতনের অভিযোগকে ‘মিথ্যা’ বলে দাবি করেছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক ওসমান গণি। শুক্রবার চট্টগ্রাম প্রেসক্লাবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থ ও ব্যাংকিং বিভাগের সহকারী অধ্যাপক মো. জিয়াউল হক এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন। তিনি বলেন, খুলনা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের সাবেক শিক্ষক এ বি এস এম ওসমান গণি যৌতুকের অভিযোগে তার ছোট বোন দিলরুবা সুলতানাকে নির্যাতন করেন। লিখিত বক্তব্যে জিয়াউল হক আরো বলেন, ১০ লাখ টাকা যৌতুক চেয়ে গত ১৬ অক্টোবর ওসমান গণি ও তার পরিবারের অন্য সদস্যরা সুলতানাকে গলা টিপে শ্বাসরোধে হত্যার চেষ্টা করে এবং ঘরে তালাবদ্ধ রেখে তাকে নির্যাতন করে। এ অভিযোগের জবাবে শনিবার ওসমান গণি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জায়গা-জমি নিয়ে স্ত্রীর বড় ভাই জিয়াউল হকের সঙ্গে তার সমস্যা ছিল। তবে এর মিমাংসা হয়ে গেছে। “প্রতিহিংসার বশবর্তী হয়ে তার স্ত্রীকে ফুসলিয়ে ও ভুল বুঝিয়ে জিয়াউল হক আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনেছেন।” তিনি কখনো যৌতুক চাননি দাবি করে ওসমান আরো বলেন, “আমি নরওয়েতে চাকরি করি। যৌতুক দাবির প্রশ্নই উঠে না। আমি ও আমার পরিবারের সদস্যদের হেয় প্রতিপন্ন করতে আমার বিরুদ্ধে এসব অভিযোগ করা হচ্ছে।” ওই ঘটনায় দিলরুবা গত ১৮ অক্টোবর চট্টগ্রামের খুলশী থানায় স্বামী ওসমান গনিসহ চার জনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন বলেও জিয়াউল হক সংবাদ সম্মেলনে জানান। সংবাদ সম্মেলনে দিলরুবা সুলতানা ও তার মা সিরাজ নূর উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএইচ/এইচএ/১৯০৭ ঘ.