বাগেরহাট, অক্টোবর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিজেদের উদ্যোগে প্রায় ২৯ কিলোমিটার এলাকা সমপরিমাণ জলাশয়ে জমে থাকা কচুরিপানা পরিষ্কার করে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলো বাগেরহাটের শরণখোলা উপজেলার অধিবাসীরা।
শনিবার সকাল ৭টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে আনুমানিক ১০ হাজার মানুষ এ অভিযানে অংশ নেন।
এর মধ্যে খোন্তাকাটা ইউনিয়নের চারটি খালের ১২ কিলোমিটার, ধানসাগর ইউনিয়নের তিনটি খালের ছয় কিলোমিটার, সাউথখালী ইউনিয়নের তিনটি খালের চার কিলোমিটার ও রায়েন্দা ইউনিয়নের দশটি খালের সাত কিলোমিটার এলাকার কচুরিপানা তারা পরিষ্কার করেন।
অভিযানে সমন্বয়কারীর দায়িত্ব পালন করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. বখতিয়ার হোসেন।
তিনি বলেন, “সরকারিভাবে এ কাজ করতে প্রায় ত্রিশ লাখ টাকার প্রয়োজন হতো। এলাকাবাসীর স্বেচ্ছাশ্রমে টাকা ছাড়াই কাজটি করা সম্ভব হয়েছে।”
শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম মামুন উজ্জামান জানান, উপজেলার কুড়িটি খালের ২৯ কিলোমিটার এলাকার কচুরিপানা পরিষ্কার করা হয়েছে। এলাকার খাল-বিল ও জলাশয়গুলোতে দীর্ঘ কুড়ি বছরের জমে থাকা কচুরিপানা পরিষ্কার করার ফলে পানি সঙ্কট দূর হওয়ার সঙ্গে সঙ্গে বন্ধ থাকা অভ্যন্তরীণ নৌপথও চালু হবে।
প্রশাসনের আহ্বানে উপজেলার শিক্ষক, শিক্ষার্থী থেকে শুরু করে কৃষক, জেলে, গ্রাম পুলিশ, আনসার-ভিডিপি, ভিজিডি-ভিজিএফ কার্ডধারী সব শ্রেণির মানুষ এতে অংশ নেন।
স্কুল-কলেজের শিক্ষার্থীরা বিভিন্ন এলাকায় ব্যান্ড বাজিয়ে এই কাজে উৎসাহ যোগান।
প্রশাসন জানিয়েছে, এসব কচুরিপানা দিয়ে কম্পোস্ট সার তৈরি করে কৃষকদের মাঝে বিতরণের পরিকল্পনা রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/এএল/১৮০৪ ঘ.
bdnews24