খাগড়াছড়ি, অক্টোবর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খাগড়াছড়ির দীঘিনালায় দুর্বৃত্তের গুলিতে জনসংহতি সমিতির সন্তু লারমাবিরোধী দলের দুই সদস্য আহত হয়েছেন।
শনিবার দুপুর ১টার দিকে চংড়াছড়ি এলাকায় দুই পাহাড়ির ওপর হামলা হয় বলে পুলিশ জানিয়েছে।
গুলিবিদ্ধ দুজন হলেন- মেদংকর চাকমা (২৬) ও জামাল্যা চাকমা (২৪)। তাদের বাড়ি পূর্ণচন্দ্র কার্বারী পাড়া এবং জালবান্দা কার্বারী পাড়ায় বলে জানা গেছে।
দুজনই পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (এমএন লারমা) সমর্থিত যুব সমিতির সদস্য বলে স্থানীয়রা জানায়।
কয়েক বছর আগে জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা (সন্তু লারমা) নেতৃত্বাধীন জনসংহতি সমিতি (জেএসএস) থেকে বেরিয়ে এই দলটি গঠিত হয়।
মোটর সাইকেলে চড়ে যাওয়ার পথে দুই পাহাড়ি যুবক হামলার মুখে পড়েন বলে দীঘিনালা থানার ওসি শাহাদাত হোসেন টিটো জানিয়েছেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আহত দুই যুবককে খাগড়াছড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রাজনৈতিক বিরোধের কারণে এই হামলা হয়েছে বলে মনে করছেন ওসি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৬৩৭ ঘ.
bdnews24