২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আয়কর দিতে সহায়তার জন্য শিক্ষার্থীদের সম্মাননা

আয়কর দিতে মানুষকে সহায়তা করতে ও সচেতনতা বাড়াতে কাজ করার জন্য দুই শতাধিক শিক্ষার্থীকে সম্মাননা দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Oct 2012, 08:00 AM

Updated : 24 Aug 2022, 12:21 PM

ঢাকা, অক্টোবর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আয়কর দিতে মানুষকে সহায়তা করতে ও সচেতনতা বাড়াতে কাজ করার জন্য দুই শতাধিক শিক্ষার্থীকে সম্মাননা দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। শনিবার সকালে রাজধানীর ব্র্যাক সেন্টারে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আইনের এসব শিক্ষার্থীদের হাতে সম্মাননা সনদ তুলে দেয়া হয়। গত ১৫ সেপ্টেম্বর আয়কর দিবসে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ব্র্যাক বিশ্ববিদ্যালয় ও নর্থসাউথ বিশ্ববিদ্যালয়সহ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের প্রায় ২৫০ শিক্ষার্থী ঢাকা শহরে এনবিআরের ৫০টি বুথে কাজ করেন। এসময় তারা আয়কর দেওয়ার নিয়মসহ বিভিন্ন বিষয়ে জনসাধারণকে তথ্য সরবরাহ করেন। অনুষ্ঠানে এনবিআরের চেয়ারম্যান নাসিরউদ্দিন আহমেদ বলেন, “আয়কর দেয়ার ক্ষেত্রে আমরা এমন ব্যবস্থা করতে চাচ্ছি যাতে মানুষকে আমাদের কাছে আসা লাগবে না। আমরাই মানুষের কাছে যাব।” তিনি বলেন, এসব শিক্ষার্থী মানুষকে কর দেওয়ার ক্ষেত্রে উদ্বুদ্ধ করতে সহায়তা করেছেন। এবার শুধু রাজধানীতে এ সেবা দেওয়া হলেও আগামীতে রাজধানীর বাইরেও এ সেবা চালুর পরিকল্পনা রয়েছে। শিক্ষার্থীদের নিয়ে এনবিআরের সঙ্গে যৌথভাবে কাজ করার বিষয়টি সমন্বয় করে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ‘স্কুল অফ ল’। একদিন কাজ করার জন্য প্রত্যেক শিক্ষার্থীকে সনদপত্র দেওয়ার পাশাপাশি এক হাজার টাকাও দেয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আইনুন নিশাত, আইনের শিক্ষক শাহদীন মালিক, এনবিআর সদস্য (কর প্রশাসন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) কাদের সরকার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/আরএ/১৩৫৬ ঘ.