২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘মাওয়ায় পুরোদমে ফেরি পারাপার রাত থেকেই’

ভাঙনের কারণে পদ্মা পারাপারে ফেরি চলাচল ব্যাহত হওয়ায় নতুন দুটি ঘাট স্থাপনের পর এই কথা বললেন নৌমন্ত্রী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Oct 2012, 06:29 AM

Updated : 24 Aug 2022, 12:21 PM

মাদারীপুর/মুন্সীগঞ্জ, অক্টোবর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শনিবার রাতের মধ্যে মাওয়া-কাওড়াকান্দি নৌপথে ফেরি চলাচল পুরোদমে শুরু হচ্ছে বলে জানিয়েছেন নৌমন্ত্রী শাজাহান খান। সকালে মাদারীপুরে ইউনাইটেড ইসলামিয়া সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ বালু ভরাটের কাজ পরিদর্শনের আগে সাংবাদিকদের একথা বলেন তিনি। পদ্মা নদীর তীব্র ভাঙনের কারণে ৯ অক্টোবর ২ নম্বর ফেরি ঘাট বন্ধ হওয়ায় মাওয়ায় ফেরি চলাচল বিঘিœত হওয়া শুরু হয়। রোববার রাত থেকে শুধু ৩ নম্বর ঘাট দিয়ে ফেরি চলাচল করছে। দুটি ফেরি দিয়ে কোনো রকমে ফেরি চলাচল চালু রাখা হয়। এতে তীব্র যানজট দেখা দেয়। এ পরিপ্রেক্ষিতে গত সোমবার নৌমন্ত্রী সাত দিনের মধ্যে মাওয়া ঋষিবাড়িমুখী, মাওয়া চৌরাস্তামুখী, কবুতর খোলামুখী ভাগ্যকূল সংযোগ সড়কসহ নতুন তিনটি ফেরি ঘাট নির্মাণের ঘোষণা দেন। নৌমন্ত্রী শনিবার বলেন, “আমরা বলেছিলাম সাত দিনের মধ্যে ঘাট মেরামত করে চালু করা হবে। “চার দিনের মধ্যেই আমরা ঘাট দুটি চালুর উপযোগী করে ফেলেছি। আজ (শনিবার) সন্ধ্যা বা রাতের মধ্যেই ফেরি পুরোদমে চালু হবে।” এদিকে, মুন্সীগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আতাউর রহমান বলেন, “বালু ভরাট করা নিয়ে বিআইডব্লিউটিএ ও সড়ক ও জনপথ বিভাগের মধ্যে জটিলতায় ভাগ্যকূলমুখী (কবুতর খোলা) কান্দিপাড়া ঘাটের কোনো কাজ শুরু হয়নি।” বিআইডব্লিউটিএ নির্বাহী সাজেদুর রহমান জানান, মাওয়া চৌরাস্তামুখী ঘাটটি শনিবার সন্ধ্যায় বা পরদিন চালু হবে এবং ঋষিবাড়ি ঘাটের কাজ ৯০ ভাগ শেষ হয়েছে। ইউনাইটেড ইসলামিয়া সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ পরিদর্শন শেষে মন্ত্রী স্বাধীনতা অঙ্গনে মাদারীপুরের অসহায় মুক্তিযোদ্ধাদের ভাতা প্রদান করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১২২৬ ঘ.