চট্টগ্রাম, অক্টোবর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাবেক সিটি মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীকে মোবাইল ফোনে প্রাণনাশের হুমকি দেয়ার অভিযোগ পাওয়া গেছে।
শুক্রবার গভীর রাতে নগরীর পাঁচলাইশ থানায় এবিষয়ে সাধারণ ডায়রি (জিডি) করেন মহিউদ্দিনের ব্যক্তিগত সহকারী মো. ওসমান গণি।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নওশাদ উদ্দিন রানা নামে এক ব্যক্তি শুক্রবার রাতে ০১৭১৬ ২০০২৪০ ফোন নম্বর থেকে আমার ব্যক্তিগত মোবাইল ফোনে (০১৭১০-৯৫৮৯৮৬) কল করে অকথ্য ভাষায় গালিগালাজ করে। এক পর্যায়ে আমাকে ও এবিএম মহিউদ্দিন চৌধুরীকে প্রাণনাশের হুমকি দেয়।”
অভিযুক্ত নওশাদ উদ্দিন রানা চট্টগ্রাম নগর ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক।
জিডির বিষয়টি স্বীকার করে নগর পুলিশের পাঁচলাইশ জোনের সহকারী কমিশনার মনজুর মোরশেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হুমকিদাতা ব্যক্তিকে চিহ্নিত করা গেছে। বিষয়টি পুলিশ তদন্ত করে দেখছে।
অভিযুক্ত নওশান উদ্দিন হুমকি দেয়ার বিষয়টি ভিত্তিহীন দাবি করে নগর আওয়ামী লীগ সভাপতি মহিউদ্দিন চৌধুরীকে তার নেতা বলে দাবি করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, শুক্রবার দুপুরে পশ্চিম নাসিরাবাদ এলাকায় একটি মারামারির ঘটনায় রাতে পাহাড়তলী থানায় মামলা হয় এবং সেখানে শিবির ও বিএনপি সমর্থিত বেশ কয়েকজনকে আসামি করা হয়। মামলাটি না নেয়ার জন্য ওসমান গণি টেলিফোনে পাহাড়তলী থানার ওসির কাছে তদবির করেন।
এ বিষয়ে কথা বলতেই তিনি ওসমানকে ফোন করেছিলেন বলে দাবি করেন নওশাদ।
তবে নওশাদের বক্তব্য অস্বীকার করে ওসমান মামলার বিষয়ে কোন তদবির করেননি বলে জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ইউএস/এমসি/এইচএএইচ/এএল/২০৩৩ ঘ.
bdnews24