২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রে নাফিসের এক ‘সহযোগী’ গ্রেপ্তার

বাংলাদেশি যুবক কাজী নাফিসের সঙ্গে ই-মেইলে যোগাযোগের সূত্র ধরে ক্যালিফোর্নিয়ার সান ডিয়েগো থেকে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে এফবিআই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Oct 2012, 09:34 AM

Updated : 24 Aug 2022, 12:21 PM

লাভলু আনসার নিউ ইয়র্ক, অক্টোবর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিউইয়র্কে সন্ত্রাসী হামলার অভিযোগে গ্রেপ্তার বাংলাদেশি যুবক কাজী মোহাম্মদ রেজওয়ানুল আহসান নাফিসের সঙ্গে ই-মেইলে যোগাযোগের সূত্র ধরে ক্যালিফোর্নিয়ার সান ডিয়েগো থেকে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে এফবিআই। মার্কিন কর্মকর্তাদের সন্দেহ, হাওয়ার্ড উইলি কারটার সেকেন্ড নামের ওই ব্যক্তি নাফিসের সহযোগী। শুক্রবার নিউইয়র্ক পোস্ট ও নিউইয়র্ক টাইমসসহ যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যমে এ খবর প্রকাশিত হয়। পুলিশের বরাত দিয়ে খবরে বলা হয়, ‘ইয়াকিন’ পরিচয়ে কারটার নাফিসের সঙ্গে ই-মেইলে যোগাযোগ করেছিলেন। নাফিসকে সন্ত্রাসী আক্রমণে সহায়তার কথা বলা হয় সেইসব ই-মেইলে। কারটারের বাসা থেকে অপ্রাপ্ত বয়স্কদের যৌন সম্পর্কের ৩০টি ভিডিও এবং সহস্রাধিক ছবি জব্দ করা হয় বলেও এসব প্রতিবেদনে উল্লেখ করা হয়। তবে আদালতের বরাত দিয়ে এসব প্রতিবেদনে বলা হয়, কারটারের বিরুদ্ধে সন্ত্রাসে লিপ্ত থাকার কোনো অভিযোগ এখনো দায়ের করা হয়নি। এক বছর আগে যুক্তরাষ্ট্রে আসা নাফিস আমেরিকার বিরুদ্ধে বড় ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর পরিকল্পনা করছে- এমন তথ্য পেয়ে এফবিআই তার জন্য ফাঁদ পাতে। একজন ছদ্মবেশী এফবিআই এজেন্টের কাছ থেকে বিপুল পরিমাণ ‘বিস্ফোরক’ কিনে নিউ ইয়র্কের ফেডারেল রিজার্ভের সামনে রেখে মোবাইল ফোনের মাধ্যমে তা ফাটানোর চেষ্টার সময় বুধবার গ্রেপ্তার হন নাফিস। এফবিআই বলছে, নাফিসের ভ্যানে ‘সত্যিকারের বিস্ফোরক’ না থাকায় সেটি আর ফাটেনি। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, গ্রেপ্তার হওয়ার আগে নাফিস এফবিআইয়ের সেই ছদ্মবেশী এজেন্টকে বলেছিলেন যে, ইয়াকিন তাকে বাল্টিমোরের কাছে একটি সামরিক ঘাঁটিতে হামলার পরামর্শ দিয়েছিল। ২১ বছর বয়সী নাফিসের বিরুদ্ধে ব্যাপক বিধ্বংসী অস্ত্রের ব্যবহার ও জঙ্গি সংগঠন আল কায়েদাকে সহযোগিতা করার অভিযোগ আনা হয়েছে যুক্তরাষ্ট্রের আদালতে। মামলার এজাহারে বলা হয়েছে, নাফিস এমন পরিস্থিতি সৃষ্টি করতে চেয়েছিলেন, যাতে যুক্তরাষ্ট্রের অর্থনীতি তছনছ হয়ে যায়। প্রথমে তিনি চেয়েছিলেন যুক্তরাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনো ব্যক্তিকে হত্যা করতে। এরপর তিনি রিজার্ভ ব্যাংক, নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ ও বাল্টিমোরে সামরিক স্থাপনায় বোমা হামলার পরিকল্পনা করেন। নাফিসের গ্রেপ্তার হওয়ার খবরে বৃহস্পতিবার ঢাকার যাত্রাবাড়িতে তার বাসায় গিয়ে পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করে গোয়েন্দা পুলিশ। অবশ্য তার বাবা কাজী মো. আহসান উল্লাহ আহসান উল্লাহ সাংবাদিকদের কাছে দাবি করেন, নাফিস কোনোভাবেই এ ধরনের কাজে জড়িত থাকতে পারে না। তাকে ফাঁদে ফেলা হয়েছে। এদিকে নিউ ইয়র্কের প্রবাসী বাংলাদেশিরা সর্বোচ্চ নিরপেক্ষতার সঙ্গে নাফিসের বিচার করার আহ্বান জানিয়ে বিবৃতি দিয়েছেন। বাংলাদেশি আমেরিকান পাবলিক অ্যাফেয়ার্স ফ্রন্ট-বাপাফের সভাপতি হাসানুজ্জামান হাসান, ডিএনসি মেম্বার ও ব্যবসায়ী খোরশেদ খন্দকার, রিপাবলিকান গিয়াস আহমেদ, ডেমোক্র্যাট এন মজুমদার ও আকতার হোসেন বাদল এসব বিবৃতিতে বলেন, মাত্র নয় মাস আগে আমেরিকায় আসা এক যুবকের পক্ষে এতো দ্রুত ড্রাইভিং লাইসেন্স (আদালতে দেওয়া অভিযোগ অনুযায়ী) সংগ্রহ করা সম্ভব নয়। কথিত সন্ত্রাসী হামলার পরিকল্পনার জন্যে এতো অর্থ নাফিস কীভাবে পেল, তাও খতিয়ে দেখতে হবে। এফবিআইয়ের ছদ্মবেশী এজেন্ট নাফিসকে এই পরিকল্পনায় উৎসাহিত করে থাকলে তার পুরো দায় নাফিসের ওপর চাপানো কতটা সমীচীন হবে তাও কর্তৃপক্ষকে ভেবে দেখার আহবান জানিয়েছেন প্রবাসীরা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএএইচ/জেকে/১৫৩০ ঘ.