২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের সঙ্গে বসছেন কূটনীতিকরা

নিউ ইয়র্কের ফেডারেল রিজার্ভ ভবন বোমা মেরে উড়িয়ে দেয়ার পরিকল্পনার অভিযোগে এফবিআইয়ের হাতে গ্রেপ্তার কাজী মোহাম্মদ রেজওয়ানুল আহসান নাফিস সম্পর্কে বিস্তারিত জানতে যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবে বাংলাদেশের কূটনীতিকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Oct 2012, 07:06 AM

Updated : 24 Aug 2022, 12:21 PM

ঢাকা, অক্টোবর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিউ ইয়র্কের ফেডারেল রিজার্ভ ভবন বোমা মেরে উড়িয়ে দেয়ার পরিকল্পনার অভিযোগে এফবিআইয়ের হাতে গ্রেপ্তার কাজী মোহাম্মদ রেজওয়ানুল আহসান নাফিস সম্পর্কে বিস্তারিত জানতে যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবে বাংলাদেশের কূটনীতিকরা। পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি শুক্রবার এক প্রেস ব্রিফিংয়ে বলেন, “আমরা এখনো তার জাতীয়তা সম্পর্কে নিশ্চিত নই। সে বাংলাদেশি বা মার্কিন নাগরিক হতে পারে, আবার তার দ্বৈত নাগরিকত্বও থাকতে পারে।” “তার জাতীয়তা সম্পর্কে নিশ্চিত হয়ে আমরা যুক্তরাষ্ট্রের কাছে কনস্যুলার একেসেস চাইব”, বলেন মন্ত্রী। ‘কনস্যুলার একেসেস’ পেলে বাংলাদেশের একজন কূটনীতিক নাফিসের সঙ্গে একাকী কথা বলার সুযোগ পাবেন। এ বিষয়গুলোতে স্পষ্ট হওয়ার জন্য ওয়াশিংটনে বাংলাদেশ মিশনের কূটনীতিকরা শুক্রবার বাংলাদেশ সময় রাত ১০টায় (ওয়াশিংটনে দুপুর ১২টা) যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠকে বসবেন বলে ব্রিফিংয়ে জানানো হয়। পররাষ্ট্র সচিব মিজারুল কায়েস বলেন, “আমরা রাষ্ট্রদূতকে (একরামুল কাদের) বলে রেখেছি, যাতে তিনি বৈঠক শেষ হওয়ার দুই ঘণ্টার মধ্যে আমাদের বিস্তারিত জানান।” আর দূতাবাস কর্মকর্তাদের কাছ থেকে সুনির্দিষ্ট তথ্য পাওয়ার আগে এ রকম স্পর্শকাতর একটি বিষয়ে কথা বলা ঠিক হবে না বলে মন্তব্য করেন পররাষ্ট্রমন্ত্রী। “আমরা যদি সংবাদ সম্মেলন করতে নাও পারি, সেক্ষেত্রেও আমি অথবা পররাষ্ট্র সচিব সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ বিষয়ে সর্বশেষ পরিস্থিতি জানিয়ে দেব”, বলেন তিনি। নাফিসের পরিচয় সম্পর্কে নিশ্চিত না হলে ঢাকায় তার পরিবারের সদস্যদের কেন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে জানতে চাইলে বিষয়টি এড়িয়ে যান দীপু মনি। তিনি বলেন, “আমি তার পরিবারকে ধৈর্য্য ধরতে অনুরোধ করব। সরকার সব সময় দেশের বাইরে তার নাগরিকদের স্বার্থ রক্ষার চেষ্টা করে।” এদিকে নাফিসের বিরুদ্ধে তদন্তে যুক্তরাষ্ট্রের সংস্থাগুলোকে বাংলাদেশ সহায়তা দেবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দীন খান আলমগীর। মুক্তিযুদ্ধে সহযোগিতার হাত বাড়ানো বিদেশি বন্ধুদের জন্য শুক্রবার রাতে পররাষ্ট্রমন্ত্রীর দেয়া এক নৈশভোজে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “নাফিসের সঙ্গে কোনো দেশীয় বা আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠনের সংযোগ খুঁজে পাওয়া গেলে সহায়তা করবে বাংলাদেশ।” “নাফিস মার্কিন আইনের আওতায় আছে। তাদের বিচার ব্যবস্থার ওপর আমার আস্থা আছে,” যোগ করেন তিনি। বাংলাদেশে বুধবার সন্ধ্যায় নিউ ইয়র্কের ফেডারেল রিজার্ভ ভবনের সামনে থেকে নাফিসকে গ্রেপ্তার করে পুলিশ ও এফবিআই। এফবিআই বলছে, স্থানীয় সময় বুধবার সকালে (বাংলাদেশে বুধবার সন্ধ্যা) ম্যানহাটানে ফেডারেল রিজার্ভ ব্যাংকের সামনে ‘বিস্ফোরকভর্তি’ ভ্যান দাঁড় করিয়ে নাফিস পাশের মিলেনিয়াম হিল্টন হোটেলে যান। সেখান থেকে তিনি ভ্যানে রেখে আসা সেলফোনে বার বার কল দিতে থাকেন এক হাজার পাউন্ড (৪৫৪ কেজি) বিস্ফোরকে বিস্ফোরণ ঘটানোর জন্য। কিন্তু ভ্যানে সত্যিকারের বিস্ফোরক না থাকায় সেটি আর ফাটেনি বলে জানিয়েছে এফবিআই। যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের এক বিবৃতিতে বলা হয়, কাজী মোহাম্মদ রেজওয়ানুল আহসান নাফিস (২১) নামের ওই বাংলাদেশির বিরুদ্ধে ব্যাপক বিধ্বংসী অস্ত্রের ব্যবহার ও জঙ্গি সংগঠন আল কায়েদাকে সহযোগিতা করার অভিযোগ আনা হয়েছে। দোষী সাব্যস্ত হলে তার যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে। বুধবার রাতে আন্তর্জাতিক গণমাধ্যমে এই গ্রেপ্তারের খবর ফলাও করে প্রচার হলে সঙ্গে সঙ্গে বাংলাদেশের নামও উঠে আসে। তাৎক্ষণিকভাবে বাংলাদেশ সরকার কোনো প্রতিক্রিয়া না দিলেও বৃহস্পতিবার দুপুরে ঢাকার যাত্রাবাড়িতে কাজী নাফিসের বাসায় গিয়ে পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করে গোয়েন্দা পুলিশ। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার মনিরুল ইসলাম রাতে সাংবাদিকদের বলেন, ঢাকায় নাফিসের কোনো জঙ্গি সংশ্লিষ্টতা ছিল কি না, তা খতিয়ে দেখছেন তারা। নাফিসের বাবা কাজী মো. আহসান উল্লাহ ন্যাশনাল ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট। তারা পুলিশকে জানিয়েছেন, যুক্তরাষ্ট্রে যাওয়ার আগে নাফিস নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে পড়েছেন। এর আগে তিনি ঢাকা কলেজ ও আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে পড়ালেখা করেন। নাফিসরা এক ভাই ও এক বোন। যাত্রাবাড়ির ওই বাসা নাফিসের নানার। আহসান উল্লাহ সাংবাদিকদের বলেন, তার ছেলে কোনোভাবেই এ ধরনের কাজে জড়িত থাকতে পারে না। তাকে ফাঁদে ফেলা হয়েছে। পরিবারের সদস্যরা পুলিশকে জানিয়েছে, নাফিস যুক্তরাষ্ট্রের মিসৌরি স্টেট ইউনিভার্সিটিতে সাইবার নিরাপত্তা নিয়ে পড়াশোনা করছিলেন। গত জানুয়ারিতে স্টুডেন্ট ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে যান তিনি। নাফিসের পরিবারের সদস্যদের কাউকে আটক করা না হলেও তাদের নজরদারিতে রেখেছে মহানগর গোয়েন্দা পুলিশ । মহানগর পুলিশের জনসংযোগ বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার মাসুদুর রহমান শুক্রবার সকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নাফিসের পরিবারের সদস্যরা তাদের যাত্রাবাড়ির বাসায় নেই। তারা কাছেই এক আত্মীয়র বাড়িতে অবস্থান করছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/এলএইচ/জেকে/এসইউ/২২১৩ ঘ.