হল-মার্কের জেসমিন দুদকে
ঋণ জালিয়াতির মামলায় হল-মার্ক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তানভীর মাহমুদের স্ত্রী ও কোম্পানির চেয়ারম্যান জেসমিন ইসলামকে জিজ্ঞাসাবাদের জন্য দুর্নীতি দমন কমিশনে (দুদক) নেয়া হয়েছে।
দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, শুক্রবার বেলা সাড়ে ১২ টার দিকে জেসমিনকে দুদক কার্যালয়ে নিয়ে আসা হয়েছে। তাকে তদন্ত কর্মকর্তাদের মুখোমুখী করা হচ্ছে।
পরে তাকে আদালতে হাজির করে রিমান্ড চাওয়া হবে বলে ইতোমধ্যে জানিয়েছেন ছয় সদস্যের তদন্ত দলের প্রধান দুদকের জ্যেষ্ঠ উপ পরিচালক মীর জয়নুল আবেদীন শিবলী।
বৃহস্পতিবার সন্ধ্যায় মানিকগঞ্জ শহরের একটি বাড়ি থেকে জেসমিনকে গ্রেপ্তার করে র্যাব।
র্যাব মুখপাত্র এম সোহায়েল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মুকুল নামে হল-মার্কের এক কর্মচারীর বাড়িতে লুকিয়ে ছিলেন জেসমিন ইসলাম। সেখান থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
সোনালী ব্যাংক থেকে অনিয়মের মাধ্যমে আড়াই হাজার কোটি টাকা তুলে নেয়ার অভিযোগে গত ৭ অক্টোবর ঢাকার মিরপুরের একটি বাড়ি থেকে হল-মার্ক এমডি তানভীর মাহমুদ এবং তার ভায়রা ও প্রতিষ্ঠানের জিএম তুষার আহমেদকে গ্রেপ্তার করে র্যাব।
বৃহস্পতিবার মহানগর হাকিম কেশব রায় চৌধুরীর খাস কামরায় দেয়া জবানবন্দিতে তানভীর অপরাধ স্বীকার করেন বলে দুদকের আইনজীবী মোশাররপ হোসেন কাজল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।
জেসমিনের পাশাপাশি তুষারকেও জিজ্ঞাসাবাদের জন্য একইসঙ্গে দুদকে নেয়া হয়েছে বলে জনসংযোগ কর্মকর্তা জানান।
এ মামলায় গ্রেপ্তার করা হয় সোনালী ব্যাংকের রূপসী বাংলা শাখার সাবেক ব্যবস্থাপক একেএ আজিজুর রহমানকেও, যিনি হল-মার্ককে ঋণ দেয়ার সময় ওই শাখার দায়িত্বে ছিলেন।
দুর্নীতি দমন কমিশন ইতোমধ্যে তানভীর ও আজিজকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে।
কারসাজির মাধ্যমে সোনালী ব্যাংকের ১ হাজার ৫৬৮ কোটি ৪৯ লাখ ৩৪ হাজার ৮৭৭ টাকা আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশন গত ৪ অক্টোবর তানভীর, জেসমিনসহ ২৭ জনের বিরুদ্ধে ১১টি মামলা করে। আসামিদের মধ্যে সাত জন হল-মার্ক এবং বাকিরা সোনালী ব্যাংকের কর্মকর্তা।
হল-মোর্কের এই অনিয়মের তথ্য বাংলাদেশ ব্যাংকের এক প্রতিবেদনে প্রকাশ পেলে তা নিয়ে দেশব্যাপী তুমুল আলোচনা ওঠে। এরপর দুর্নীতি দমন কমিশন বিষয়টি তদন্তের উদ্যোগ নেয়। মামলা দায়েরের আগে তানভীর ও জেসমিনকে ডেকে নিয়ে জিজ্ঞাসাবাদও করা হয়।
ঋণ কেলেঙ্কারির এই ঘটনায় এরই মধ্যে দুই মহাব্যবস্থাপকসহ ২০ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে সোনালী ব্যাংক কর্তৃপক্ষ।
