২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছাত্রলীগ-ছাত্রদল সংঘর্ষ, পীরগাছা ডিগ্রি কলেজ বন্ধ

রংপুরের পীরগাছা ডিগ্রি কলেজে সাংস্কৃতিক অনুষ্ঠানে দাওয়াত দেয়া নিয়ে ছাত্রলীগ ও ছাত্রদলের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Oct 2012, 01:23 PM

Updated : 24 Aug 2022, 12:21 PM

রংপুর, অক্টোবর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রংপুরের পীরগাছা ডিগ্রি কলেজে সাংস্কৃতিক অনুষ্ঠানে দাওয়াত দেয়া নিয়ে ছাত্রলীগ ও ছাত্রদলের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। পরিস্থিতি অবনতির আশঙ্কায় শনিবার পর্যন্ত কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় কলেজ ক্যাম্পাসে বিপুল সংখ্যক দাঙ্গা পুলিশ মোতায়েন করা হয়। কলেজ কর্তৃপক্ষ ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পীরগাছা থানার ওসি বজলুর রশীদ জানান, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের উদ্যোগে কলেজের হলরুমে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিকাল ৩টায় অনুষ্ঠান শুরুর কথা ছিল। অনুষ্ঠান শুরুর আগে কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ওয়াসিম আখতার দলবল নিয়ে অনুষ্ঠানস্থলে এসে দাওয়াত না দেওয়ার অভিযোগ তুলে অনুষ্ঠানের ব্যানারে আগুন ধরিয়ে দেন। এর প্রতিবাদে কলেজ শাখা ছাত্রদল একটি মিছিল বের করে। পাল্টা আরেকটি মিছিল বের করে ছাত্রলীগ। পরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদকসহ অন্তত ১০ জন আহত হন। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষের পর কলেজ অধ্যক্ষের কক্ষ ভাঙচুরের অভিযোগও উঠেছে ছাত্রলীগের বিরুদ্ধে। প্রভাষক কৌশিক আহমেদ জানান, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের নিজস্ব অনুষ্ঠান হওয়ায় কোনো ছাত্র সংগঠনকেই দাওয়াত দেওয়া হয়নি। এদিকে কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ওয়াসিম আখতার অভিযোগ করেন, কলেজ কর্তৃপক্ষের ইন্ধনে ছাত্রদল নেতাকর্মীরা তাদের ওপর হামলা চালিয়েছে। ছাত্রলীগের এ অভিযোগ নাকচ করে দিয়ে কলেজ অধ্যক্ষ ফজলুল করিম জানান, কলেজে একটি ‘দুঃখজনক ও ন্যাক্কারজনক’ ঘটনা ঘটে গেছে। বিষয়টি কলেজ ব্যবস্থাপনা কমিটির সভাপতি টিপু মুন্শী এমপিকে জানানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/এইচএ/১৯২০ ঘ.