২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শাওনকে হুমকি: চিকিৎসককে মুক্তি দিল হাই কোর্ট

শাওনকে হুমকি দেয়ার অভিযোগে র‌্যাবের হাতে আটক চিকিৎসককে মুক্তির নির্দেশ দিয়ে হাই কোর্ট বলেছে, ‘ম্যাজিস্ট্রেট তাকে জিডির ভিত্তিতে রিমান্ড দিতে পারে না। তিনি কি আইনের মাথা খেয়েছেন?’

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Oct 2012, 12:19 PM

Updated : 24 Aug 2022, 12:21 PM

ঢাকা, অক্টোবর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রয়াত কথাশিল্পী হুমায়ূন আহমেদের স্ত্রী মেহের আফরোজ শাওনকে হুমকি দেয়ার অভিযোগে আটক চিকিৎসক হাই কোর্টের আদেশে মুক্তি পেয়েছেন। একই সঙ্গে জিডির ভিত্তিতে দেয়া আটকাদেশ অবৈধ ঘোষণা করেছে আদালত। বৃহস্পতিবার বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি ফরিদ আহমেদের বেঞ্চের আদেশের পরপরই আদালত কক্ষেই ওই চিকিৎসককে বুঝে নেন তার স্বজনরা। ফেইসবুকে পেইজ খুলে শাওনকে হুমকি দেয়ার অভিযোগে সোমবার চিকিৎসক এহসানুজ্জামান র‌্যাবের হাতে গ্রেপ্তার হন। পরে মঙ্গলবার ঢাকা মহানগর হাকিম আদালতের হাকিম এস এম আতিকুর রহমান জিজ্ঞাসাবাদের জন্য তাকে দুই দিনের হেফাজতে পাঠানোর আদেশ দেন। রিমান্ডে থাকা অবস্থাই ওই চিকিৎসকের ভাই আকিল উজ জামান বুধবার তার ভাইকে হাই কোর্টে হাজির করতে হেবিয়াস করপাস রিট করলে আদালত ওই চিকিৎসককে আদালতে হাজির করার নির্দেশ দেয়। আদালতে রিটকারীর পক্ষে শুনানি করেন ব্যারিস্টার একেএম শফিউদ্দিন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার। হাইকোর্টের নির্দেশে সকাল সাড়ে ১০টার আগেই ডা. এহসানকে আদালতে হাজির করা হয়। বিকেল ৩টায় তার মামলায় শুনানি শুরু হয়। একেএম শফিউদ্দিন বলেন, কোনো মামলা ছাড়াই তাকে আটক রাখা হয়েছে। আর মামলা ছাড়া রিমান্ড নেওয়া যায় না। তারপরও রিমান্ডে নেওয়া হয়েছে। শুনানিতে আদালত বলে, ‘সামাজিক যোগাযোগ ব্যবস্থা ফেইসবুকে যা খুশি তা লেখা হচ্ছে। আমি নিজেও তার শিকার। এটা যাতে না হতে পারে সেজন্যে কঠোর নিয়ন্ত্রণ থাকা দরকার। কারো বিরুদ্ধে কেউ যেন ফেইসবুকের অপব্যবহার করতে না পারে সেজন্য বড় ধরনের শাস্তির ব্যবস্থা থাকা দরকার।’ ‘অভিযোগ কী আছে সে বিষয়ে আমরা যাবো না। তারপরও বলবো, কোন একটা মেয়ে কাকে বিয়ে করলো, কী করলো না করলো- তা নিয়ে ফেইসবুকে লেখা হবে কেন? কেউ কারো ব্যক্তিগত জীবন নিয়ে মন্তব্য করতে পারে না। কিন্তু ফেইসবুকের মাধ্যমে এটাই হচ্ছে। এর মাধ্যমে কাউকে কাউকে গালিও দেয়া হচ্ছে।’ আদালত ডা. এহসান প্রসঙ্গে বলে, ‘ম্যাজিস্ট্রেট তাকে জিডির ভিত্তিতে রিমান্ড দিতে পারে না। তিনি কি আইনের মাথা খেয়েছেন? যে আইনে তাকে গ্রেপ্তার করা হয়েছে সেটা আমল অযোগ্য ধারার। এ আইনে তাকে রিমান্ডে দেয় কীভাবে?’ সুনামগঞ্জ সদর হাসপাতালের চিকিৎসক এহসানুজ্জামান ২০০৮ সালে ২৭তম বিসিএসে নিয়োগ পান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এএল/১৮১০ ঘ.