২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তিস্তা সেতুর টোল: দরপত্র দাখিলে সংঘর্ষ, মামলা

নবনির্মিত তিস্তা সেতুর টোল আদায়ের ইজারার দরপত্র দাখিল নিয়ে সংঘর্ষের ঘটনায় দুটি মামলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Oct 2012, 02:34 PM

Updated : 24 Aug 2022, 12:20 PM

লালমনিরহাট, অক্টোবর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নবনির্মিত তিস্তা সেতুর টোল আদায়ের ইজারার দরপত্র দাখিল নিয়ে সংঘর্ষের ঘটনায় দুটি মামলা হয়েছে। মঙ্গলবার দুপুরে একটি গ্রুপ পুলিশ সুপারের কার্যালয়ে দরপত্র জমা দিতে গেলে প্রতিপক্ষ বাধা দেয়। এতে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থিত দু’টি গ্রুপের সংঘর্ষ বাধে। লালমনিরহাট সদর থানার ওসি জমির উদ্দিন বলেন, পুলিশের উপর হামলার অভিযোগে থানার উপ-পরিদর্শক (এসআই) জিয়াউল হক বাদী হয়ে রাতে ২৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত পরিচয় আরো ৬০/ ৬৫ জনকে আসামি করে একটি মামলা করেন। এছাড়া রাতেই জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক রফিকুল ইসলাম রিপন বাদী হয়ে ২২ বিএনপি নেতার নামসহ দলের অজ্ঞাত পরিচয় আরো ৫০/৬০ নেতাকর্মীকে আসামি করে থানায় আরেকটি মামলা করেন। পুলিশ কর্মকর্তা বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য শহরে বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত দাঙ্গা পুলিশ মোতায়েন করা হয়েছে। তিস্তার সেতুর টোল আদায়ের ইজার দরপত্র দাখিলের শেষদিন ছিল মঙ্গলবার। জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং সড়ক ও জনপদ বিভাগের কার্যালয়ে দরপত্র জমা দেয়ার বাক্স রাখা ছিল। দুপুরে বিএনপি সমর্থিত ঠিকাদাররা পুলিশ সুপারের কার্যালয়ে দরপত্র জমা দিতে গেলে আওয়ামী লীগ সমর্থিত ঠিকাদারদের একটি গ্র“প বাধা দেয়। এতে দুই গ্রুপের সংঘর্ষ শুরু হয়। এতে পুলিশ ও সাংবাদিকসহ অন্তত ১৫ জন আহত হয়। পরে পুলিশ রাবার বুলেট ও টিয়ার গ্যাস শেল ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থল থেকে পুলিশ সদর উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক সাহাদাত হোসেনকে গ্রেপ্তার করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০২৮ ঘ.