ঢাকা, অক্টোবর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুদ্রা পাচারের মামলায় গ্রেপ্তার ডেসটিনি ২০০০ লিমিটেডের প্রেসিডেন্ট সাবেক সেনাপ্রধান হারুন অর রশিদের জামিন আবেদনের আদেশ হবে বৃহস্পতিবার।
বুধবার বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি ফরিদ আহমদের বেঞ্চ জামিন আবেদনের শুনানি শেষে এই দিন ধার্য করে।
আদালতে জামিনপ্রার্থীর পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট আব্দুল মতিন খসরু।
রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা। তাকে সহায়তা করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার। দুর্নীতি দমন কমিশনের পক্ষে ছিলেন মো. খুরশীদ আলম খান।
মুরাদ রেজা শুনানিতে বলেন, হারুনের বিরুদ্ধে অভিযোগ খুবই সুনির্দিষ্ট। ডেসটিনির ব্যাংক অ্যাকাউন্ট থেকে তার অ্যাকাউন্টে ১৯ কোটি ৮২ লাখ টাকা এসেছে। এর মধ্যে ডেসটিনি প্রেসিডেন্ট ১৩ কোটি ৯২ লাখ টাকা তুলেছেন। তিনি ডেসটিনি গ্রুপে থাকুন আর না থাকুন সেটা বিষয় নয়। বাইরের কারো অ্যাকাউন্টেও যদি এভাবে টাকা পাওয়া যায় তিনি অভিযুক্ত হবেন।
“এফআইআরে এ বিষয়গুলো বলা আছে। পরে এ ব্যাপারে আরো বিস্তারিত তথ্য আসবে।”
আব্দুল মতিন খসরু শুনানিতে বলেন, এখানে যে সব টাকার কথা বলা হয়েছে, তা ডেসটিনির নয়। এ সব ব্যক্তিগত অর্থ। এখানে একটা অ্যাকাউন্টকে দুই-তিনবার দেখানো হয়েছে। আবার ২০০০ সালের অ্যাকউন্টকেও দেখানো হয়েছে। যত টাকা দেখানো হয়েছে, টাকার অংক আসলে তা নয়। এগুলো কৃষি ফার্মের টাকা, সারা জীবনের সঞ্চয়।
“তিনি (হারুন) অসুস্থ। জামিন পেলে তিনি পালিয়ে যাবেন না, জামিনের সুযোগের অপব্যবহারও করবেন না। এছাড়া আপিল বিভাগের একটি রায় অনুসারে এ ধরনের অর্থনৈতিক বিষয়ে আত্মপক্ষ সমর্থনের জন্য আসামি জামিন পেতে পারেন।”
শুনানি শেষে আদালত বৃহস্পতিবার বেলা একটায় আদেশের সময় নির্ধারণ করে।
গত বৃহস্পতিবার ডেসটিনির প্রেসিডেন্ট হারুনের জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় বিচারিক আদালত। পরে তারা উচ্চ আদালতে জামিন আবেদন করেন। ওই জামিন আবেদন ‘যথাযথ’ হয়নি কারণ দেখিয়ে রোববার তা উপস্থাপিত হয়নি মর্মে খারিজ করে দেয় হাই কোর্ট।
পরে ওইদিন নিম্ন আদালতের আদেশের বিরুদ্ধে আপিল করেন হারুন। এই আদেশের উপর সোম, মঙ্গল ও বুধবার শুনানি হয়।
এর মাঝে আদালতের আদেশে হারুনের স্বাস্থ্য প্রতিবেদন দেয় বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ওই প্রতিবেদনে হারুনের জটিল রোগের কথা উল্লেখ আছে বলে আদালত শুনানিতে বলেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এইচএ/১৮৩৪ ঘ.
bdnews24