ঢাকা, অক্টোবর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কক্সবাজারের রামুতে সাম্প্রদায়িক সন্ত্রাসের ঘটনায় পরস্পরকে দোষারোপ না করে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বাান জানিয়েছে বাংলাদেশ শান্তি পরিষদ।
বুধবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এক মতবিনিময় সভায় বক্তারা এই আহ্বান জানানো হয়।
‘সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা রুখতে আমরা ঐক্যবদ্ধ’ শীর্ষক অনুষ্ঠানে শান্তি পরিষদের সাধারণ সম্পাদক আবুল কাশেম লিখিত প্রস্তাবে বলেন, “রাজনৈতিক দলগুলোকে দোষারোপের রাজনীতি ছেড়ে এ ধরনের জাতীয় সমস্যায় ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”
রামুতে প্রশাসনিক ব্যর্থতার জন্য দায়ীদের শাস্তি দেয়া, ক্ষতিগ্রস্তদের সাহায্য দেয়া এবং পুরাকীর্তি সংস্কারের জন্য বিশেষ তহবিল গঠনের দাবিও জানায় শান্তি পরিষদ।
ফেইসবুকে প্রোফাইলে কোরআন অবমাননাকর ছবি থাকার অভিযোগ তুলে গত ২৯ সেপ্টেম্বর রাতে রামুতে বৌদ্ধ মন্দির ও ঘরবাড়িতে হামলা, অগ্নিসংযোগ ও ভাঙচুর চালায় ধর্মীয় উগ্রপন্থীরা। সাতটি বৌদ্ধ মন্দির, অন্তত ৩০টি বাড়ি ও দোকান পুড়িয়ে দেয়া হয়। হামলা, ভাঙচুর ও লুটপাট চালানো হয় আরো শতাধিক বাড়ি ও দোকানে।
একে ‘অবিচ্ছিন্ন ঘটনা’ উল্লেখ করে অধ্যাপক আনিসুজ্জামান মতবিনিময় সভায় বলেন, দেশের সংবিধানে একটি ধর্মকে রাষ্ট্রধর্মের স্বীকৃতি বিভেদ সৃষ্টি করছে এবং এতে সব ধর্মের মানুষকে এক করে দেখার চেতনা হারিয়ে যাাচ্ছে।
রাষ্ট্রধর্ম বিলোপের জন্য আন্দোলন ছাড়াও সব অসাম্প্রদায়িক শক্তিকে ঐক্যবদ্ধ করতে একটি জাতীয় সম্মেলন আয়োজনের প্রস্তাব দেন তিনি।
বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, “যুদ্ধাপরাদীদের বিচার যখন পরিণতির দিকে যাচ্ছে তখন দেশের মধ্যে সাম্প্রদায়িক সহিংসতা সৃষ্টি করে ঘোলা পানিতে মাছ শিকার করে তারা বিচারের পরিণতি থেকে বেরিয়ে আসার চেষ্টা করবে।”
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নিরঞ্জন অধিকারী বৌদ্ধ বসতিতে হামলার ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত এবং দ্রুত বিচার আইনে দোষীদের শাস্তির দাবি জানান। এছাড়া ক্ষতিগ্রস্তদের সাহায্য দেয়া এবং ক্ষতিগ্রস্ত পাণ্ডুুলিপিগুলো বিভিন্ন গ্রন্থাগার থেকে সরকারি খরচে আনার ব্যবস্থা নেয়ার আহ্বান জানান।
রামুর হামলার ঘটনাকে ‘বিশ্ব মানবতার বিরুদ্ধে অপরাধ’ উল্লেখ করে হামলাকারীদের মানবতাবিরোধী অপরাধের অভিযোগে বিচারের দাবি জানান শোলাকিয়া ঈদ জামায়াতের ঈমাম মাওলানা ফরিদ উদ্দিন।
বৌদ্ধ সম্প্রদায়ের নেতা সুদ্ধানন্দ মহাথেরো বলেন, “মুক্তিযুদ্ধের সময় আমরা বিভিন্নভাবে মুক্তিবাহিনীকে সহযোগিতা করে বাংলাদেশ স্বাধীন করেছি। আমরা বন্ধু, ভ্রাতৃত্ববাদ ও শান্তির মধ্যে থাকতে চাই। কিন্তু ওই হামলা আমাদের অত্যন্ত ব্যথিত করেছে।”
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাংবাদিক আবেদন খান, গণঐক্যের আহ্বায়ক পঙ্কজ ভট্টাচার্জ, শান্তি পরিষদের সভাপতি মোজাফফর হোসেন পল্টু, মুক্তিযুদ্ধ জাদুঘরের পরিচালক ডা. সারোয়ার আলী, জাসদ সাধারণ সম্পাদক শরীফ নুরুল আম্বিয়া, ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক আনিসুর রহমান মল্লিক, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক নুরুর রহমান সেলিম, নটরডেম কলেজের অধ্যক্ষ বেঞ্জামিন ডি কস্টা প্রমুখ।
আলোচনা অনুষ্ঠানের পরে রামুতে ক্ষতিগ্রস্ত বৌদ্ধ মন্দির এবং ঘরবাড়ির বর্তমান অবস্থা নিয়ে একটি প্রামাণ্যচিত্র দেখানো হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএ/এমআই/১৬৪০ ঘ.
bdnews24