ঢাকা, অক্টোবর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশে ভুটানের রাষ্ট্রদূত দাশো বাপ কেসাং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের জানান বুধবার দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই বৈঠকে দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে।
সাক্ষাতকালে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ২০১৩-১৪ মেয়াদে ভুটানের অস্থায়ী সদস্যপদ প্রার্থীতায় বাংলাদেশের সমর্থনের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান রাষ্ট্রদূত।
প্রেস সচিব জানান, বাংলাদেশে ভুটানের রাজা ও রাণীর সফরের বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে। এই সফরের মধ্যে দিয়ে দু’দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো জোরদার হবে বলে প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেছেন।
প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দেওয়া দেশ ভুটান। বাংলাদেশের জনগণ তা চিরদিন স্মরণ রাখবে।
বৈঠকে অ্যাম্বাসেডর অ্যাট লার্জ এম জিয়াউদ্দিন, প্রধানমন্ত্রী কার্যালয়ের সচিব মোল্লা ওয়াহিদুজ্জামান এবং প্রেস সচিব আবুল কালাম আজাদ উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এসইউ/১৪১৬ ঘ.
bdnews24