২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেট রেল স্টেশনে হামলার ঘটনায় মামলা

রেলের অগ্রিম টিকিট না পেয়ে সিলেট রেলওয়ে স্টেশনে হামলা ও ভাংচুরের ঘটনায় এক যুবলীগ কর্মীসহ দেড়শ’ জনের বিরুদ্ধে একটি মামলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Oct 2012, 06:47 AM

Updated : 24 Aug 2022, 12:20 PM

সিলেট, অক্টোবর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রেলের অগ্রিম টিকিট না পেয়ে সিলেট রেলওয়ে স্টেশনে হামলা ও ভাংচুরের ঘটনায় এক যুবলীগ কর্মীসহ দেড়শ’ জনের বিরুদ্ধে একটি মামলা হয়েছে। মঙ্গলবার রাতে সিলেট রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক আবুল কালাম আজাদ বাদী হয়ে রেলওয়ে পুলিশের (জিআরপি) সিলেট থানায় এই মামলা করেন বলে জানান ওই থানার ওসি খন্দকার আবুল হাসান। তিনি বলেন, যুবলীগকর্মী সোহেলকে মামলায় প্রধান আসামি করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা দেড়শ’ জনকে এই মামলায় আসামি করা হয়েছে। তবে এ ঘটনায় এখনো কেউ গ্রেপ্তার হয়নি। অগ্রিম টিকিট দিতে না পারায় মঙ্গলবার রাতে সিলেট রেল স্টেশনে ভাংচুরের ঘটনা ঘটে। স্টেশন ম্যানেজার আবুল কালাম আজাদ জানান, রাত সাড়ে ৯টার দিকে স্থানীয় যুবলীগকর্মী সোহেল বৃহস্পতিবার রাতের অগ্রিম টিকিট চান। টিকিট নেই জানালে তিনি ক্ষিপ্ত হয়ে চলে যান। “এর ১০ থেকে ১৫ মিনিট পর তার নেতৃত্বে প্রায় শতাধিক লোক লাঠি, হকিস্টিক নিয়ে স্টেশনে হামলা চালায়,” বলেন তিনি। হামলাকারীরা টিকিট কাউন্টারের জানালার কাঁচ ও স্টেশনের প্রধান দুটি ফটকে ভাংচুর করে। সোহেল সিলেটের দক্ষিণ সুরমা থানার বাবনা এলাকার বাসিন্দা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/এএইচ/১২৪২ ঘ.