ঢাকা, অক্টোবর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভিসা আবেদনের সমর্থনে যেসব ব্যাংকের আর্থিক প্রতিবেদন গ্রহণ করা হবে মর্মে ইতোপূর্বে প্রকাশিত তালিকাটি প্রত্যাহার করেছে যুক্তরাজ্য।
গত ২ অক্টোবর পয়েন্টভিত্তিক পদ্ধতিতে ভিসার আবেদন জমা দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশের ১৩টি ব্যাংকের একটি তালিকা প্রকাশ করে যুক্তরাজ্যের ইউকে বর্ডার এজেন্সি। পর্যাপ্ত তহবিল থাকার প্রমাণ হিসেবে আর্থিক বিবৃতি তালিকাভুক্ত কোনো একটি ব্যাংক থেকে দাখিল করতে বলা হয় আবেদনকারীকে।
এগুলো ছাড়া অন্য কোনো ব্যাংক থেকে কাগজপত্র জমা দিলে তা প্রত্যাখ্যাত হবে বলেও জানানো হয়।
ঘোষিত ওই তালিকা পহেলা নভেম্বর থেকে কার্যকর হবে বলেও ঢাকায় ব্রিটিশ হাই কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল।
মনোনীত ব্যাংকগুলো ছিল- এবি ব্যাংক লিমিটেড, ইস্টার্ন ব্যাংক, ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংক, সাউথইস্ট ব্যাংক, ওয়ান ব্যাংক, মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক, ব্র্যাক ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামি ব্যাংক, স্টান্ডার্ড চার্টার্ড ব্যাংক, স্টেট ব্যাংক অব ইন্ডিয়া, কমার্শিয়াল ব্যাংক অব সিলোন, সিটি ব্যাংক ও এইচএসবিসি লিমিটেড।
মঙ্গলবার ব্রিটিশ হাই কমিশনের এক বিবৃতিতে বলা হয়েছে, আগের তালিকার পরিবর্তে এখন দুটি তালিকা করা হচ্ছে। এর একটি হবে- কোন ব্যাংকগুলোর আর্থিক বিবৃতি ইউকে বর্ডার এজেন্সি গ্রহণ করবে। আর অন্যটি হবে- কোন কোন ব্যাংকের আর্থিক বিবৃতি ইউকে বর্ডার এজেন্সি গ্রহণ করবে না।
এতে আরো বলা হয়, “ওই দুটি তালিকা এবং কবে থেকে তা কার্যকর হবে তা যথাসময়ে জানানো হবে। সেসময় পর্যন্ত বর্তমান ব্যবস্থাই অব্যাহত থাকবে।”
২০১১ সালের ১১ জুন আর্থিক প্রতিবেদন গ্রহণ বা বাতিলের জন্য নিজেদের অভিজ্ঞতার ভিত্তিতে ব্যাংকগুলোর একটি তালিকা প্রকাশের ঘোষণা দেয় ইউকেবিএ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/এইচএএইচ/এইচএ/২২৫০ ঘ.
bdnews24