ঢাকা, অক্টোবর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইতালিতে জনশক্তি রপ্তানির ব্যাপারে সেদেশের সরকারের সঙ্গে আলোচনা চলছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন।
তিনি বলেন, “আগামী ডিসেম্বরের মধ্যেই এ প্রক্রিয়া চূড়ান্ত করে ইতালির সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করা হবে।”
মঙ্গলবার রাজধানীর ইস্কাটনে প্রবাসী কল্যাণ ভবনে প্রবাসী বাংলাদেশিদের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন।
ইউরোপীয় ইউনিয়নভুক্ত বিভিন্ন দেশে প্রবাসী বাংলাদেশিদের সংগঠন ‘অল ইউরোপীয় বাংলাদেশি অ্যাসোসিয়েশন (এইবিএ)’-এর ব্যানারে এ প্রতিনিধি দলটি মন্ত্রীর সঙ্গে দেখা করে।
সংগঠনের সভাপতি প্রকৌশলী জয়নাল আবেদীন প্রতিনিধি দলের নেতৃত্ব দেন।
খন্দকার মোশাররফ জানান, বাংলাদেশ থেকে সাতমাস মেয়াদের জন্য ২৩ হাজার কর্মী নিতে চায় ইতালি। কিন্তু বাংলাদেশিদের অবৈধভাবে থেকে যাওয়ার আশংকার কারণে এ প্রক্রিয়া বিলম্বিত হচ্ছে। তারপরও একটি স্বচ্ছ পদ্ধতি নিশ্চিত করে সেদেশে কর্মী পাঠানো হবে।
ইউরোপীয় ইউনিয়নসহ বিভিন্ন দেশে অবৈধভাবে কর্মী পাঠানোকে নিরুৎসাহিত করতে প্রবাসীদের প্রতি আহ্বান জানান বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী।
এ প্রসঙ্গে তিনি তাদের উদ্দেশে বলেন, “অবৈধ অভিবাসনই জনশক্তি রপ্তানির ক্ষেত্রে প্রধান বাধা। অবৈধ অভিবাসনের কারণেই আমাদের শ্রমবাজার স¤প্রসারণ হচ্ছে না। এজন্য এ ধরনের অভিবাসনের সঙ্গে জড়িত এবং অবৈধ অভিবাসীদের সহায়তা করা যাবে না।”
দীর্ঘ এ বৈঠকে প্রবাসী বাংলাদেশিরা ইইউভুক্ত দেশে বাংলাদেশের শ্রমবাজার স¤প্রসারণে ভূমিকা রাখার আশ্বাস দেন মন্ত্রীকে। একইসঙ্গে তারা তাদের বিভিন্ন দাবিও বৈঠকে তুলে ধরেন।
এইবিএ’র সভাপতি জয়নাল আবেদীন প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত এবং জাতীয় সংসদে প্রবাসীদের জন্য কোটা ভিত্তিতে আসন সংরক্ষণের দাবি জানান।
তাদের অন্য দাবিগুলোর মধ্যে রয়েছে- বিভিন্ন দেশে বাংলাদেশি দূতাবাসে প্রবাসীদের জন্য বিশেষ ডেস্ক স্থাপন, দেশে বিনিয়োগে আগ্রহী প্রবাসীদের অর্থের নিরাপত্তা, বিভিন্ন দেশে কর্মরত বাংলাদেশিদের নিরাপত্তা এবং অবৈধভাবে কর্মী পাচারে দালালদের তৎপরতা বন্ধে কার্যকর পদক্ষেপ নেয়া।
তারা বিভিন্ন দেশে অধ্যয়নরত শিক্ষার্থীদের আয়ের ওপর কর প্রত্যাহারে প্রবাসী কল্যাণমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।
মধ্যপ্রাচ্যের দুবাই ও সৌদি আরবে বাংলাদেশি কর্মী পাঠানো নিয়ে সৃষ্ট জটিলতার অবসান আগামী দু’মাসের মধ্যেই হবে বলেও জানান মন্ত্রী।
প্রবাসী কল্যাণ সচিব বলেন, বিভিন্ন দেশের বাংলাদেশ দূতাবাসে শ্রম অ্যাটাশেসহ জনবল নিয়োগের প্রক্রিয়া চলছে। এজন্য ১৫০ জনকে নিয়োগের প্রস্তাব জনপ্রশাসন মন্ত্রণালয়ে অনুমোদনের অপেক্ষায় রয়েছে।
প্রত্যেক দূতাবাসেই প্রবাসী কল্যাণ ডেস্ক চালুরও আশ্বাস দেন সচিব।
এসময় আরো বক্তব্য রাখেন জনশক্তি প্রশিক্ষণ ও কর্মসংস্থান ব্যুরোর (বিএমইটি) মহাপরিচালক শামসুন নাহার, ইউরোপে বাংলাদেশি কমিউনিটির নেতা মাইনুল ইসলাম নাসিম, ইকবাল ফেরদৌস, জাকির হোসেন ও তানভীর হোসেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এইচএ/১৮২৩ ঘ.
bdnews24