২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় সরকারি চিকিৎসকদের কর্মবিরতি

চিকিৎসকদের ওপর হামলার প্রতিবাদে বগুড়ার সব সরকারি হাসপাতাল ও কমিউনিটি ক্লিনিকে চার দিনের কর্মবিরতি শুরু করেছেন চিকিৎসকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Oct 2012, 07:57 AM

Updated : 24 Aug 2022, 12:20 PM

বগুড়া, অক্টোবর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চিকিৎসকদের ওপর হামলার প্রতিবাদে বগুড়ার সব সরকারি হাসপাতাল ও কমিউনিটি ক্লিনিকে চার দিনের কর্মবিরতি শুরু করেছেন চিকিৎসকরা। অবশ্য হাসপাতালের জরুরি বিভাগকে এ কর্মবিরতির আওতামুক্ত রাখা হয়েছে। বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) বগুড়া শাখার সাধারণ সম্পাদক মো. রেজাউল আলম জুয়েল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “হামলাকারীরা গ্রেপ্তার না হওয়া পর্যন্ত ৪ দিনব্যাপী এ কর্মসূচি চলবে। এরপরও গ্রেপ্তার না হলে আরো কঠিন কর্মসূচি দেয়া হবে।” বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ, মোহাম্মাদ আলী হাসপাতাল, টিবি হাসপাতালসহ উপজেলা পর্যায়ে ১৪টি সরকারি হাসপাতাল ও ইউনিয়ন পর্যায়ে ৩৫৯টি সরকারি কমিউনিটি ক্লিনিকে মঙ্গলবার সকাল ৮টা থেকে এ কর্মবিরতি চলছে বলে জানান তিনি। গত শুক্রবার বগুড়ার গাবতলী এলাকার আবু রায়হান বিলু নামের এক যুবক প্রতিপক্ষের ছুরিকাঘাতে আহত হয়ে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সেদিন সন্ধ্যায় তার মৃত্যু হয়। এরপর বিলুর সহযোগীরা হাসপাতালের চিকিৎসকদের ওপর হামলা চালালে চিকিৎসক আবেদ আলীর পা, চিকিৎসক মাসুদ ও অসিমের হাত ভেঙ্গে যায় এবং চিকিৎসক পুস্পিতা ও মোস্তাফিজ আহত হন। এ ঘটনায় দশ জনের বিরুদ্ধে বগুড়া সদর থানায় একটি মামলা হলে শনিবার শাকিল, মুন্না, তবিবর নামের তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ। কিন্তু বাকি আসামিরা সোমবারও গ্রেপ্তার না হওয়ায় সব সরকারি হাসপাতালে কর্মবিরতির ডাক দেন চিকিৎসকরা। বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) মকবুল হোসেন বলেন, “তিনজন ধরা পড়েছে। বাকিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।” এদিকে চিকিৎসকরা কাজ বন্ধ রাখায় হাসপাতালে এসে বিপাকে পড়তে হচ্ছে রোগী ও স্বজনদের। বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের সার্জিক্যাল ওয়ার্ডের এক রোগী বলেন, “সকালে ডাক্তার না আসায় সমস্যার কথা কাউকে বলতে পারছি না। পায়ের ব্যথায় কষ্ট পাচ্ছি।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/জেকে/১৩৫০ ঘ.