২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাওয়ায় পারাপার বন্ধ

পদ্মায় ভাঙন অব্যাহত থাকায় মাওয়ার একমাত্র সচল ফেরি ঘাট দিয়েও যানবাহন পারাপার বন্ধ রাখা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Oct 2012, 05:12 AM

Updated : 24 Aug 2022, 12:20 PM

মুন্সীগঞ্জ, অক্টোবর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পদ্মায় ভাঙন অব্যাহত থাকায় মাওয়ার একমাত্র সচল ফেরি ঘাট দিয়েও যানবাহন পারাপার বন্ধ রাখা হয়েছে। জরুরি মেরামত শেষে দুপুরের মধ্যে ৩ নম্বর ঘাটটি আবার সচল করা সম্ভব হবে বলে আশা করছেন বিআইডব্লিউটিসির কর্মকর্তারা। বিআইডব্লিউটিসির মাওয়া ঘাটের ব্যবস্থাপক সিরাজুল হক জানান, ৩ নম্বর ঘাটের পাশে হঠাৎ করে ১২০ ফুট এলাকায় গর্ত দেখা দেয়ায় মঙ্গলবার সকাল ৯টা থেকে মাওয়া-কাওড়াকান্দি ফেরি পারাপার বন্ধ রাখা হয়েছে। “সকালে ঘাটের র‌্যামের (পন্টুন ও সড়কের মধ্যে সংযোগকারী লোহার পাত) নিচের মাটি অনেকখানি সরে যাওয়ায় তার ওপর দিয়ে গাড়ি ওঠানামাও অসম্ভব হয়ে পড়েছে।” এ কারণে ঘাটটি ‘সাময়িকভাবে’ বন্ধ রেখে জরুরি মেরামত শুরু হয়েছে বলে ব্যবস্থাপক জানান। তিনি বলেন, “দুপুর ১টার মধ্যে ৩ নম্বর ফেরি ঘাট পুনরায় সচল করা সম্ভব হবে বলে আমরা আশা করছি।” এদিকে, নদী ভাঙন ও তীব্র স্রোতের কারণে মাওয়ায় যানবাহন পারাপার হুমকির মুখে পড়ায় সোমবার নতুন তিনটি ঘাট চালুর নির্দেশ দিয়েছেন নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান। আগামী সাত দিনের মধ্যে ফেরি চলাচল স্বাভাবিক হবে বলেও তিনি আশা প্রকাশ করেছেন। নদী ভাঙনের কারণে গত ৯ অক্টোবর মাওয়ায় দুই নম্বর ফেরি ঘাট বন্ধ হয়ে যায়। এর পাঁচদিনের মাথায় রোববার সন্ধ্যায় আকস্মিকভাবে এক নম্বর ফেরিঘাটও পদ্মায় বিলীন হয়ে যায়। চালুর অপেক্ষায় থাকা চার নম্বর ফেরি ঘাটেও ফাটল ধরে। এই পরিস্থিতিতে কেবল ৩ নম্বর ঘাট দিয়ে ঝুঁকি নিয়ে পারাপার চালু রাখার চেষ্টা চালায় বিআইডব্লিউটিসি। যানবাহনের চালকদের পাটুরিয়া হয়ে পদ্মা পারাপারের অরনুরোধ জানানো হয় রোববার রাতেই। সোমবার একটিমাত্র ফেরিঘাট চালু থাকায় যানবাহন পারাপার হয় সীমিত আকারে। দুই পারে যানজটে আটকা পড়ে প্রায় চারশ যানবাহন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচ/জেকে/১১০৫ ঘ.