কুমিল্লা, অক্টোবর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হামলা-ভাংচুরের প্রতিবাদ ও দোষীদের শাস্তির দাবিতে কুমিল্লায় শতাধিক ফিলিং স্টেশনে পাঁচ ঘণ্টা ধর্মঘট পালিত হয়েছে।
বুধবার সকালে শুরু হওয়া সকাল-সন্ধ্যার এ ধর্মঘট প্রশাসনের আশ্বাসে পাঁচ ঘণ্টা পর প্রত্যাহার করা হয় বলে ফিলিং স্টেশন মালিকরা জানিয়েছেন।
কুমিল্লা পেট্রোল পাম্প মালিক সমিতি, কুমিল্লা সিএনজি স্টেশন পাম্প মালিক সমিতি, কুমিল্লা জেলা সড়ক পরিবহন সমিতি, কুমিল্লা মোটর মালিক সমিতি, কুমিল্লা ট্রাক মালিক সমিতি এ ধর্মঘট ডাকে।
গত ১১ অক্টোবর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বেলতলীতে রিভারভিউ সিএনজি ফিলিং স্টেশনে ফ্রি তেল না দেয়ায় হামলা ও ভাংচুরের ঘটনায় এ ধর্মঘট ডাকা হয়।
ধর্মঘট চলাকালে জেলা প্রশাসক মো. রেজাউল আহসান ও পুলিশ সুপার মোখলেছুর রহমান মহাসড়কে সকল প্রকার চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধের প্রতিশ্র“ত দিলে ধর্মঘট প্রত্যাহার করা হয়।
সকাল সাড়ে ১১টায় পুলিশ সুপার ক্ষতিগ্রস্ত রিভারভিউ সিএনজি ফিলিং স্টেশন পরিদর্শন করে হামলায় জড়িতদের গ্রেপ্তারের আশ্বাস দেন।
রিভারভিউ সিএনজি ফিলিং স্টেশনের মালিক আলী মনসুর ফারুক বলেন, ১১ অক্টোবর রাত সাড়ে ৯টায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের তিন ছাত্রলীগ নেতা ইলিয়াস হোসেন, পিচ্চি মনির ও ফাহিম মোটরসাইকেল নিয়ে রিভার ভিউ ফিলিং স্টেশনে আসেন।
তারা তেল নিয়ে টাকা না দিয়ে চলে যাওয়ার সময় কর্মচারী আবু তাহের টাকা দাবি করলে তাকে মারধর করেন তারা। এ সময় পাম্পের কর্মচারীরা তাদের আটক করে।
এ খবর পেয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নেতা ফয়সাল আরেফিন, পলাশ, বিজয়, কবির, সাঈদের নেতৃত্বে আরো ১৫-২০ জন ছাত্রলীগ নেতাকর্মী রাত সাড়ে ১০টায় ফিলিং স্টেশনে সশস্ত্র হামলা চালায়।
ফারুক আরো বলেন, হামলা ও ভাংচুরের অভিযোগে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছয় ছাত্রলীগ নেতার নাম উল্লেখসহ অজ্ঞাত পরিচয় আরো ২৫ জনকে আসামি করে তিনি সদর দক্ষিণ থানায় মামলা করেছেন।
আসামিরা হলেন সদর দক্ষিণ থানা ছাত্রলীগ নেতা ইলিয়াস, মনির হোসেন, আবু সাঈদ, ফাহিম, ফয়সাল ও কবির।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯৪৪ ঘ.
bdnews24