২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘সুরঞ্জিত গরীবের টাকা দিয়েছেন ছেলের টেলিকম ব্যবসায়’

রেলে চাকরি দেওয়ার নামে গরীব মানুষের লাখ লাখ টাকা সুরঞ্জিত সেনগুপ্ত তার ছেলের টেলিকম ব্যবসায় দিয়েছেন বলে দাবি করেছেন নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Oct 2012, 06:18 PM

Updated : 24 Aug 2022, 12:20 PM

চট্টগ্রাম, অক্টোবর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রেলে চাকরি দেওয়ার নামে গরীব মানুষের লাখ লাখ টাকা সুরঞ্জিত সেনগুপ্ত তার ছেলের টেলিকম ব্যবসায় দিয়েছেন বলে দাবি করেছেন নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী। সোমবার চট্টগ্রাম কর্ণফুলী গ্যাস ডিষ্ট্রিবিউশন কোম্পানী লিমিটেড কার্যালয়ের সামনে এক মানববন্ধনে প্রধান অথিতির বক্তব্যে তিনি এ দাবি করেন। আমীর খসরু বলেন, “দেশের গরীব মানুষ রেলে চাকরি পেতে সবকিছু বিক্রি করে লাখ লাখ টাকা সুরঞ্জিত সাহেবের পকেটে দিয়েছে। ওই টাকা তিনি তার ছেলের টেলিকম ব্যবসায় দিয়ে দিয়েছেন।” তিনি আরো অভিযোগ করেন, দেশের ব্যাংক, শেয়ার বাজারসহ বিভিন্ন খাতের অর্থ প্রধানমন্ত্রী, তার পরিবার, মন্ত্রী ও উপদেষ্টাদের পকেটে গেছে। আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও ওলামা লীগ কক্সবাজারের রামু, উখিয়া, টেকনাফ ও চট্টগ্রামের পটিয়ায় হামলা চালিয়েছে অভিযোগ করে আমীর খসরু বলেন, “সরকার খেলা শুরু করেছে। ওই ঘটনার দায় স্থানীয় বিএনপি সাংসদের ওপর চাপিয়ে দিয়ে সরকার নিজেকে নির্দোষ প্রমাণ করতে চায়।” চট্টগ্রামে গ্যাস সংকট মারাত্মক আকার ধারণ করেছে উল্লেখ করে এই বিএনপি নেতা বলেন, গ্যাসের অভাবে দেশের শিল্প কারখানায় উৎপাদন বন্ধ রয়েছে। বিদেশীরা এ দেশে আর বিনিয়োগ করতে সাহস পাচ্ছে বলে বলে মন্তব্য করেন তিনি। চট্টগ্রামে নিরবিচ্ছিন্ন গ্যাস সরবরাহ ও সংযোগের দাবিতে বিএনপি ও এর অঙ্গ সংগঠন আয়োজিত মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন নগর বিএনপির জ্যেষ্ঠ সহ-সভাপতি আবু সুফিয়ান, সাধারণ সম্পাদন শাহাদাৎ হোসেন, শ্রমিক দলের নগর সভাপতি নাজিম উদ্দিন প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএইচ/এইচএ/০০০৯ ঘ.