ঢাকা, অক্টোবর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযমের কৌঁসুলি চারজন সাফাই সাক্ষীর হাতে লেখা একটি তালিকা জমা দিয়েছেন।
প্রথম যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল প্রসিকিউশনের ১৬ জন সাক্ষীর বিপরীতে আসামি পক্ষকে ১২ জন সাফাই সাক্ষীর নাম জমা দেওয়ার নির্দেশ দিয়েছিল।
সোমবার গোলাম আযমের কৌঁসুলি মিজানুল ইসলাম সাফাই সাক্ষীদের তালিকার আংশিক মঙ্গলবার এবং বাকিটা বুধবার জমা দেয়ার ট্রাইব্যুনালের আদেশ পরিবর্তনের আবেদন করেন।
শুরুতে আসামি পক্ষের কৌঁসুলি সাক্ষীদের নাম ও বিস্তারিত জানাতে না চাইলেও ট্রাইব্যুনালের প্রধান বিচারপতি নিজামুল হক এটাকে আদেশ হিসেবে উল্লেখ তা অনুসরণের নির্দেশ দিলে চারজনের নামের তালিকা জমা দিয়ে বাকি তালিকা পরে দেবেন বলে জানান তিনি।
তবে তার ওই হাতে লেখা আবেদন সম্পর্কে প্রসিকিউটর জেয়াদ আল মালুম আপত্তি জানালে মিজানুল ইসলাম মঙ্গলবার তা যথাযথভাবে করে জমা দেয়ার প্রতিশ্রুতি দেন।
এর আগে আসামি পক্ষ ২ হাজার ৯৩৯ জন সাফাই সাক্ষীর একটি তালিকা জমা দেয়।
১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের পরিকল্পনা, ষড়যন্ত্র, উস্কানি, পাকিস্তানি সেনাদের সাহায্য করা এবং হত্যা-নির্যাতনে বাধা না দেওয়ার ৫ ধরনের অভিযোগে ট্রাইব্যুনাল গত ১৩ মে জামায়াতের গুরু হিসাবে পরিচিতি গোলাম আযমের বিচার শুরুর আদেশ দেয়।
গোলাম আযম মুক্তিযুদ্ধের সময় পাকিস্তান সেনাবাহিনীর সহযোগী শক্তি হিসেবে কাজ করা রাজাকার, আল বদর, আল শামস ও শান্তি কমিটির নেতৃত্ব দিয়েছিলেন বলে অভিযোগ রয়েছে।
তার বিরুদ্ধে অভিযোগে বলা হয়েছে, গোলাম আযম শান্তি কমিটি গঠনের প্রধান উদ্যোক্তা ছিলেন। মুক্তিযুদ্ধ বানচাল করতে এই কমিটি সশস্ত্র বাহিনী গঠন করে, যারা পুরো বাংলাদেশ জুড়ে বিভিন্ন বর্বর কর্মকা- ঘটিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/এইচএএইচ/এমআই/২২৫৮ ঘ.
bdnews24