২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাওয়ায় তিনটি নতুন ঘাট হচ্ছে: মন্ত্রী

নদী ভাঙন ও তীব্র স্রোতের কারণে মাওয়ায় চালু থাকা একমাত্র ফেরি ঘাটটিও হুমকির মুখে পড়ায় সেখানে নতুন তিনটি ঘাট চালুর নির্দেশ দিয়েছেন নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Oct 2012, 12:35 PM

Updated : 24 Aug 2022, 12:20 PM

মুন্সীগঞ্জ, অক্টোবর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নদী ভাঙন ও তীব্র স্রোতের কারণে মাওয়ায় চালু থাকা একমাত্র ফেরি ঘাটটিও হুমকির মুখে পড়ায় সেখানে নতুন তিনটি ঘাট চালুর নির্দেশ দিয়েছেন নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান। সোমবার দুপুরে মাওয়া ঘাট পরিদর্শন করে মন্ত্রী বলেন, “মাওয়া ঋসিবাড়ির কাছে, চৌরাস্তার কাছে ও কবুতর খোলা বরাবর ভাগ্যকূলে নতুন তিনটি ঘাট চালুর নির্দেশ দেয়া হয়েছে।” এছাড়া নদী ভাঙনের কারণে মাওয়ায় বিপর্যস্ত ফেরি চলাচল সাত দিনের মধ্যে স্বাভাবিক হবে বলেও আশা প্রকাশ করেছেন শাজাহান খান। “আসন্ন ঈদে ঘরমুখো মানুষের বিড়ম্বনা রোধে সব প্রচেষ্টা চলছে। রাতদিন ২৪ ঘণ্টা কাজ করে আগামী সাতদিনের মধ্যে ফেরি চলাচল স্বাভাবিক করা হবে”, বলেন মন্ত্রী। পাদ্মার ভাঙ্গন অব্যাহত থাকায় মাওয়ায় একটিমাত্র ফেরিঘাট দিয়ে সোমবার সীমিত আকারে যানবাহন পারাপার হয়। দুই পারে যানজটে আটকা পড়ে প্রায় চারশ যানবাহন। নদী ভাঙ্গনের কারণে গত ৯ অক্টোবর মাওয়ায় দুই নম্বর ফেরি ঘাট বন্ধ হয়ে যায়। ফাটল দেখা দেয়ায় পরদিন এক নম্বর ঘাটও বন্ধ করে দেয়া হয়। জরুরি ভিত্তিতে মেরামত করে ৮ ঘণ্টা পর আবার ফেরি চলাচল শুরু করা হয়। এর পাঁচদিনের মাথায় রোববার সন্ধ্যায় আকস্মিকভাবে এক নম্বর ফেরিঘাট ও ১৫টি দোকান পদ্মায় বিলীন হওয়ার ঘটনায় নিখোঁজ ৬ জনের সন্ধান সোমবার বিকাল পর্যন্ত মেলেনি। চালুর অপেক্ষায় থাকা চার নম্বর ফেরি ঘাটেও ফাটল ধরেছে। সোমবার মাওয়ায় গিয়ে দেখা যায় ভাঙন থেকে বাঁচাতে দোকান বাড়িঘর সরিয়ে নিচ্ছে মাওয়ার লোকজন। আকস্মিক ভাঙ্গনে নদীতে নিখোঁজদের উদ্ধারের চেষ্টা চলছে জানিয়ে মন্ত্রী বলেন, “তবে ফেরি ঘাটের কাছে দোকান বসানোর ব্যাপারে আরো সতর্কতা অবলম্বনের নির্দেশ দেয়া হয়েছে।” ক্ষতিগ্রস্ত মাওয়া ফেরি ঘাট পরিদর্শন শেষে পদ্মা সেতুর রেস্ট হাউসে সংশ্লিষ্টদের সঙ্গে সভা করেন মন্ত্রী। বিআইডব্লিউটিসির সহকারী মহাব্যবস্থাপক এসএম আশিকুজ্জামান জানান, মাওয়ার পরিবর্তে পাটুরিয়া দিয়ে পারাপারের জন্য অনুরোধ জানানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/আরএ/১৮৩০ ঘ.