ঢাকা, অক্টোবর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুদ্রা পাচারের মামলায় গ্রেপ্তার ডেসটিনি ২০০০ লিমিটেডের প্রেসিডেন্ট সাবেক সেনাপ্রধান হারুন অর রশিদের পূর্ণাঙ্গ স্বাস্থ্য প্রতিবেদন দিতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমইউ) উপাচার্যকে নির্দেশ দিয়েছে হাই কোর্ট।
ডেসটিনি প্রেসিডেন্টের জামিন আবেদন নাকচের বিরুদ্ধে সোমবার দুপুরে আপিলের শুনানিতে এ আদেশ দেয় আদালত।
বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি ফরিদ আহমেদের বেঞ্চ শুনানি শেষে নতুন করে হারুন অর রশিদের স্বাস্থ্য পরীক্ষা করে আগামী ১৭ অক্টোবর বেলা ২টার মধ্যে হাই কোর্টে প্রতিবেদন দিতে বলেছে।
মুদ্রা পাচারের দুই মামলায় গত ১১ অক্টোবর ঢাকার একটি আদালতে আত্মসমর্পণের পর হারুনকে কারাগারে পাঠানোর আদেশ হয়। সাবেক সামরিক শাসক এইচ এম এরশাদের পর হারুনই প্রথম সাবেক সেনাপ্রধান, যাকে কোনো মামলায় কারাগারে যেতে হল।
কারা তত্ত্বাবধানে বর্তমানে বিএসএমইউতে চিকিৎসাধীন রয়েছেন হারুন। রোববার অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করে কারা কর্তৃপক্ষ।
হাই কোর্টের এ নির্দেশনা বিশেষ বার্তাবাহকের মাধ্যমে বিএসএমইউতে পাঠাতে বলেছে আদালত।
একইসঙ্গে আদালতে উপস্থিত অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজাকে উদ্দেশ্য করে আদালত এও বলেছে, “আপনি বলে দিবেন যে, ১৭ অক্টোবর দুপুর ২টার মধ্যে রিপোর্টটি যেন আদালতে পৌঁছায়। তা না হলে আদালত অবমাননা হবে।”
গত বৃহস্পতিবার জেনারেল হারুনের জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় আদালত। জামিন আবেদন ‘যথাযথ’ হয়নি কারণ দেখিয়ে রোববার আবারও তার জামিন আবেদন খারিজ করে আপিল করতে বলেছে হাই কোর্ট।
আপিল শুনানিতে হারুনের আইনজীবী আব্দুল মতিন খসরু বলেন, তিনি (হারুন) অসুস্থ, এর উপর ভিত্তি করেও কি তাকে জামিন দেয়া যায় না?
রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা ও দুর্নীতি দমন কমিশনের পক্ষে ছিলেন খুরশীদ আলম খান।
মঙ্গলবার সকালে শুনানির জন্য আবার দিন ধার্য করেছে আদালত।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এমডি/এইচএ/১৭৪২ ঘ.
bdnews24