ঢাকা, অক্টোবর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাস ক্ষেত্রের পুরনো ১০টি স্তরে আগের ধারণার চেয়ে ৭২৬ বিলিয়ন ঘনফুট বেশি গ্যাস রয়েছে বলে জানিয়েছে রাষ্ট্রায়ত্ত সংস্থা পেট্রোবাংলা।
দেশের বৃহত্তম এই গ্যাসক্ষেত্রে সম্প্রতি পরিচালিত ত্রিমাত্রিক ভূতাত্ত্বিক জরিপের ফল ঘোষণা করে সোমবার পেট্রোবাংলার চেয়ারম্যান ড. হোসেন মনসুর এ কথা জানান।
পেট্রোবাংলায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, জরিপের ফল বিশ্লেষণ করে দেখা গেছে, তিতাসের চালু ১০টি স্তরে মোট ৮ হাজার ৫১ বিলিয়ন ঘনফুট গ্যাসের মজুদ রয়েছে।
২০০৩ সালের হাইড্রোকার্বন ইউনিটের করা সার্ভের পর এই ১০ স্তরে মোট ৭ হাজার ৩২৫ বিলিয়ন ঘনফুট গ্যাস রয়েছে বলে ধারণা করা হয়েছিল।
পেট্রোবাংলা চেয়ারম্যান জানান, তিতাসে মোট ২৩টি গ্যাস স্তরের মধ্যে ওই ১০টি স্তর থেকেই বর্তমানে গ্যাস উত্তোলন হচ্ছে।
বাকি ১৩টির মধ্যে আটটি নতুন স্তরে গ্যাসের সন্ধান পাওয়া গেছে।
এর মধ্যে স্বল্প গভীরতায় দুটিতে ৪৯৪ বিলিয়ন ঘনফুট এবং ৬টি তুলনামূলক বেশি গভীর স্তরে ১ হাজার ৫৬৯ বিলিয়ন ঘনফুট গ্যাস থাকার সম্ভাবনা দেখা গেলেও আপাতত তা উত্তোলনযোগ্য নয় বলে হোসেন মনসুর জানান।
এই ক্ষেত্রের বাকি স্তরগুলোতে গ্যাস পাওয়া যায়নি বলে জানান তিনি।
পেট্রোবাংলার চেয়ারম্যান জানান, তিতাসে বর্তমানে ১৬টি কূপ রয়েছে, যার মধ্যে একটি বন্ধ। নতুন করে বাপেক্স তিনটি ও গ্যাজপ্রম চারটি কূপ খনন করবে।
বর্তমানে দেশে দৈনিক ২৫০ কোটি ঘনফুট গ্যাসের চাহিদা রয়েছে। এর বিপরীতে প্রায় ৩০ কোটি ঘনফুট গ্যাসের ঘাটতি রয়েছে।
দেশে গ্যাসের মোট প্রমাণিত মজুদ কত তা নিয়েও রয়েছে সংশয়।
এ বিষয়ে হোসেন মনসুর বলেন, “আমার হিসাবে ১২ থেকে ১৫ ট্রিলিয়ন ঘনফুট গ্যাসের মজুদ রয়েছে। তবে রূপকল্প ২০২১ বাস্তবায়নের জন্য আরো সাত ট্রিলিয়ন ঘনফুট মজুত দরকার। আর সে লক্ষ্যেই আমরা অনুসন্ধান চালিয়ে যাচ্ছি।”
সংবাদ সম্মেলনে তিতাসের দুর্নীতি নিয়েও প্রশ্নের মুখোমুখি হন পেট্রোবাংলার চেয়ারম্যান।
অবৈধভাবে দেয়া গ্যাস সংযোগের কথা স্বীকার করে তিনি বলেন, “বর্তমানে এক থেকে দেড় লাখ অবৈধ সংযোগ রয়েছে, যা নতুন চাহিদার প্রায় ৭০ শতাংশ। সরকার অনুমোদন দিলে বাকি ৩০ শতাংশ আমরা সংযোগ দিতে পারি।”
অবৈধ সংযোগের কারণে সরকার প্রতিদিন ১৮ লাখ টাকা রাজস্ব হারাচ্ছে বলে জানান হোসেন মনসুর।
অবৈধ সংযোগের সঙ্গে জড়িত কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে কি না- জানতে চাইলে তিনি বলেন, “১০ থেকে ১২ জনের জেল হয়েছে। বিভিন্ন অনিয়মের তদন্ত চলছে। দোষ প্রমাণিত হলে ব্যবস্থা নেয়া হবে।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/জেকে/এমআই/১৯০৬ ঘ.
bdnews24