২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এশিয়ার আর্থিক সংস্থাগুলোর মধ্যে সহযোগিতার আহ্বান দীপু মনির

টেকসই উন্নয়নের জন্য আর্থিক প্রতিষ্ঠানগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা বজায় রাখতে এশীয় দেশগুলোর প্রতি অনুরোধ জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Oct 2012, 10:57 AM

Updated : 24 Aug 2022, 12:20 PM

ঢাকা, অক্টোবর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টেকসই উন্নয়নের জন্য আর্থিক প্রতিষ্ঠানগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা বজায় রাখতে এশীয় দেশগুলোর প্রতি অনুরোধ জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি। রোববার কুয়েতে অনুষ্ঠিত এশিয়া সহযোগিতা সংলাপে (এসিডি) মন্ত্রী পর্যায়ের বৈঠকে তিনি এ অনুরোধ জানান বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। আগামী ১৬-১৭ অক্টোবর কুয়েতে অনুষ্ঠেয় এসিডির প্রথম শীর্ষ সম্মেলনে বাংলাদেশের একটি প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন রাষ্ট্রপতি মোহাম্মদ জিল্লুর রহমান। দীপু মনি বলেন, “এশিয়ার দেশগুলোর জন্য উন্নয়ন তহবিলের বিস্তৃতি, আর্থিক প্রতিষ্ঠানগুলোর মধ্যে সহযোগিতা ও উপযুক্ত খাতসমূহে বিনিয়োগ বিশেষভাবে গুরুত্বপূর্ণ।” “এশীয় পর্যায়ে আর্থিক স্থিতিশীলতা রক্ষায় আর্থিক প্রতিষ্ঠানগুলোর মধ্যে ঘনিষ্ট সংযোগ তৈরিতে আমাদের আরও কাজ করা দরকার”, যোগ করেন তিনি। দীপু মনি বলেন, এশীয় দেশগুলোর মধ্যে যোগাযোগ তৈরি হলে তা সহযোগিতা বৃদ্ধি করবে এবং ‘এশীয় সমাজ’ তৈরির দীর্ঘমেয়াদী লক্ষ্য অর্জনে তা ভুমিকা পালন করবে। এসিডিতে আঞ্চলিক যোগাযোগের বিষয়ে বিস্তৃত একটি আলোচনার প্রস্তাব করেন তিনি। বাণিজ্য সম্পর্ক জোরদার করতে সহজীকরণ, মানোন্নয়ন ও বাণিজ্য প্রক্রিয়ার সমন্বয়ের ওপর জোর দেন পররাষ্ট্রমন্ত্রী। এসিডি ৩২টি এশীয় অংশীদারি দেশের মধ্যে সংলাপ ও সহযোগিতার ফোরাম। ২০০২ সালে ফোরামের জন্ম হওয়ার পর থেকে সদস্য দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা প্রতি বছর বৈঠক করছেন। কিন্তু দশম বার্ষিকী উদ্যাপনের সময় এবারই প্রথম এসিডির শীর্ষ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। ২০১৫ সালের দ্বিতীয় এসিডি শীর্ষ সম্মেলন আয়োজনের প্রস্তাব দিয়েছে থাইল্যান্ড। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/এইচএএইচ/এসইউ/১৬৫০ ঘ.