২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সোনালী কর্মকর্তা আজিজকে দুদকে জিজ্ঞাসাবাদ

হলমার্ক কেলেঙ্কারির মামলায় গ্রেপ্তার সোনালী ব্যাংকের রূপসী বাংলা শাখার সাবেক ব্যবস্থাপক এ কে এম আজিজুর রহমানকে জিজ্ঞাসাবাদ করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) কর্মকর্তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Oct 2012, 09:45 AM

Updated : 24 Aug 2022, 12:20 PM

ঢাকা, অক্টোবর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হলমার্ক কেলেঙ্কারির মামলায় গ্রেপ্তার সোনালী ব্যাংকের রূপসী বাংলা শাখার সাবেক ব্যবস্থাপক এ কে এম আজিজুর রহমানকে জিজ্ঞাসাবাদ করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) কর্মকর্তারা। দুদকের জ্যেষ্ঠ উপ পরিচালক মীর জয়নুল আবেদীন শিবলী সোমবার সাংবাদিকদের বলেন, “আজিজুর রহমানকে দুদক কার্যালয়ে এনে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।” পরে এই ব্যাংক কর্মকর্তাকে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য তিন মামলায় ৩০ দিনের হেফাজতের নেওয়ার আবেদন করা হবে বলেও জানান তিনি। হলমার্কের অর্থ কেলেঙ্কারির ঘটনা তদন্তে দুদকের করা কমিটির প্রধান শিবলী বলেন, “হলমার্ক কেলেঙ্কারির ঘটনায় আজিজুর রহমান ওতপ্রোতভাবে জড়িত।” অনিয়মের মাধ্যমে সোনালী ব্যাংকের রূপসী বাংলা শাখা থেকে হলমার্ক গ্রুপকে আড়াই হাজার কোটি টাকার বেশি ঋণ দেয়া হয়েছিল বলে অভিযোগ রয়েছে। ওই ঘটনায় দুদকের করা মামলায় আজিজুর রহমানকে রোববার সন্ধ্যায় গ্রেপ্তার করে র‌্যাব। এর আগে হলমার্ক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তানভীর মাহমুদ এবং মহাব্যবস্থাপক (জিএম) তুষার আহমেদকেও দুদকের মামলায় গ্রেপ্তার করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসডব্লিউ/এএইচ/জেকে/১৫৩৫ ঘ.