ঢাকা, অক্টোবর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যাকাণ্ডের তদন্ত শেষ করে ঘটনার প্রকৃত রহস্য উন্মোচন এবং হত্যাকারীদের গ্রেপ্তারে সরকারকে আবারো সময় বেঁধে দিয়েছেন সাংবাদিক নেতারা।
আগামী ২৪ নভেম্বরের মধ্যে এসব দাবি পূরণ না হলে পরদিন ঢাকায় মহাসমাবশে করে পরবর্তী কর্মসূচি দেয়ার ঘোষণা দিয়েছেন তারা।
সোমবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মলেনে সাংবাদিকদের পক্ষে এ ঘোষণা দেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের একা!শের সভাপতি ইকবাল সোবহান চৌধুরী। সাংবাদিকদের বিভিন্ন সংগঠনের নেতারাও এ সময় উপস্থিত ছিলেন।
ইকবাল সোবহান চৌধুরী সংবাদ সম্মেলনে বলেন, “সাগর-রুনি হত্যাকাণ্ডের তদন্ত শেষ করে ২৪ নভেম্বরের মধ্যে প্রকৃত হত্যাকারীদের গ্রেপ্তার করতে হবে। তা না হলে ২৫ নভেম্বর ঢাকায় সাংবাদিকদের মহাসমাবেশ করব আমরা।”
ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এ কর্মসূচির আগে সাংবাদিক নির্যাতনের বিচারসহ পেশাগত বিভিন্ন দাবি আদায়ে আগামী ৮ নভেম্বর প্রেসক্লাবে সমাবেশ হবে।
মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরওয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি গত ১১ ফেব্রুয়ারি রাজধানীতে নিজের বাসায় খুন হন।
ঘটনার সাত মাসেও হত্যা রহস্যের কিনারা না হওয়ায় সাংবাদিকদের আন্দোলনের প্রেক্ষাপটে গত ৯ অক্টোবর এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর জানান, এই হত্যাকাণ্ডে ‘জড়িত’ আটজনকে সনাক্ত করা হয়েছে।
তাদের মধ্যে তানভীর নামে একজনসহ সাতজনকে গ্রেপ্তারের কথা জানিয়ে মন্ত্রী বলেন, তানভীর নিহত সাংবাদিক দম্পতির পারিবারিক বন্ধু।
তানভীর ছাড়া তাদের বাড়ির এক পাহারাদারসহ গ্রেপ্তার বাকি পাঁচজন হলেন ডা. নারায়ণ চন্দ্র দত্ত নিতাই হত্যা মামলার আসামি।
এছাড়া এই হত্যাকাণ্ডে জড়িত হিসেবে সাগর-রুনির বাড়ির আরেক পাহারাদার হুমায়ুন ওরফে এনামুলকে ধরিয়ে দিতে ১০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেন স্বরাষ্ট্রমন্ত্রী।
এরপর সাংবাদিক সংগঠনগুলোর পক্ষ থেকে সংবাদ সম্মেলন করে বলা হয়, হত্যা রহস্য উন্মোচন নিয়ে মন্ত্রী যে বক্তব্য দিয়েছেন তা অস্পষ্ট।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/আরএ/জেকে/১৫১৫ ঘ.
bdnews24