নিউ ইয়র্ক, অক্টোবর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিউ ইয়র্কে বাসচাপায় এক বাংলাদেশি নারী নিহত হয়েছেন।
শনিবার সন্ধ্যায় বাংলাদেশি অধ্যুষিত জ্যামাইকায় এই দুর্ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানান। তারা এই দুর্ঘটনার জন্য বাসচালককে দায়ী করেছেন।
নিহত মালেকা বেগমের (৫৪) বাড়ি চট্টগ্রামের বাঁশখালীতে। ১২ বছর আগে তিনি নিউ ইয়র্কে এসেছিলেন।
পুলিশ এবং প্রত্যক্ষদর্শীরা জানায়, মেয়ের সঙ্গে একটি দোকান থেকে কেনাকাটা শেষে ফেরার পথে নাসাউ ইন্টার কাউন্টি এক্সপ্রেস বাস (এন ৬) মালেকাকে চাপা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান।
মালেকার ছেলে মতিউর রহমান সাংবাদিকদের বলেন, “অবিশ্বাস্য হলেও সত্য যে, চাপা দেয়ার পরও বাসটি থামেনি। ড্রাইভার আরো দ্রুতবেগে সেটি চালিয়ে নেয়।”
দুর্ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে আসে। এর তদন্তও শুরু হয়েছে বলে পুলিশ কর্মকর্তারা জানান।
প্রত্যক্ষদর্শী মোহাম্মদ সারোয়ার পুলিশকে বলেছেন, “এই দুর্ঘটনার জন্য বাসচালক পুরোপুরি দায়ী।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/২২৫৫ ঘ.
bdnews24