ঢাকা, অক্টোবর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুদ্রা পাচারের দুই মামলায় ডেসটিনির প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালকসহ শীর্ষ কর্মকর্তাদের জামিন বাতিলে নিম্ন আদালতের আদেশ কেন বাতিল করা হবে না, তা জানতে চেয়েছে হাই কোর্ট।
এদিকে জামিনের একটি আবেদন হাই কোর্টে খারিজ হওয়ার পর আবার আবেদন করেছেন ডেসটিনি প্রেসিডেন্ট ও সাবেক সেনাপ্রধান হারুন-অর-রশীদ।
অন্যদিকে ডেসটিনির প্রেসিডেন্টের পাশাপাশি এমডি মো. রফিকুল আমিনের পাশাপাশি চেয়ারম্যান মোহাম্মদ হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে চেয়ে দুর্নীতি দমন কমিশনের করা আবেদনের শুনানির জন্য ১৭ অক্টোবর দিন রেখেছে ঢাকার মহানগর হাকিম আদালত।
দুর্নীতি দমন কমিশনের এই দুই মামলায় হারুন-অর-রশিদ, রফিকুল আমিন ও মোহাম্মদ হোসেনসহ পাঁচজনকে গত অগাস্টে ঢাকার একটি হাকিম আদালত জামিন দিলেও তার এখতিয়ার নিয়ে প্রশ্ন ওঠে।
এরপর তাদের জামিন বাতিল করা হয়। পরে গত ১১ অক্টোবর হারুন, রফিকুল ও হোসেন আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ তা নাকচ করে তাদের কারাগারে পাঠান।
ওই আদেশের বিরুদ্ধে রফিকুল আমিনের এক ‘রিভিশন’ আবেদনের শুনানি করে বিচারপতি খোন্দকার মুসা খালেদ ও বিচারপতি নজরুল ইসলাম তালুকদারের বেঞ্চ রোববার ওই আদেশ নিয়ে প্রশ্ন তোলে।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপপরিচালক মোজাহার আলী সর্দার ও সহকারী পরিচালক মো. তৌফিকুল ইসলামকে দুই সপ্তাহের মধ্যে এই রুলের জবাব দিতে বলা হয়েছে।
আদালত আগামী ৫ নভেম্বর এই বিষয়ে পরবর্তী শুনানির দিন ঠিক করেছে।
রফিকুল আমিনের আইনজীবী রফিকুল ইসলাম মেহেদী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুর্নীতি দমন কমিশন মামলা করার পর গত ৮ জুন বিচারিক হাকিম আদালত ডেসটিনির শীর্ষ ৫ কর্মকর্তাকে জামিন দেন। কিন্তু মহানগর দায়রা জজ আদালত ১২ সেপ্টেম্বর তা বাতিল করে দেয়।
“বাতিলের এই আদেশে তিনি (জজ) বলেছেন, এই মামলায় জামিন দেয়া বিচারিক হাকিমের এখতিয়ারে ছিল না। এই আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে আমরা এই আবেদনটি দাখিল করেছি।”
আইজীবী রফিকুলের যুক্তি, জামিন দিয়ে বিচারিক হাকিমের আদেশটি যথাযথ ছিল। কেননা ফৌজদারি কার্যবিধি অনুসারে সর্বোচ্চ সাজার অপরাধ ব্যতীত অন্য সব ধারায় দায়ের করা মামলায় বিচারিক হাকিম জামিন দিতে পারেন।
রফিকুল আমিন ছাড়া জামিন অন্য পাঁচজন হলেন- হারুন-অর-রশিদ, মোহাম্মদ হোসেন, গ্রুপের পরিচালক মো. গোফরানুল হক ও মোহাম্মদ সাঈদ উর রহমান।
সাড়ে ৩ হাজার কোটি টাকা আত্মসাতের পর পাচারের অভিযোগে গত ৩১ জুলাই রাজধানীর কলাবাগান থানায় হারুন অর রশিদসহ ডেসটিনির ২২ কর্মকর্তার বিরুদ্ধে দুটি মামলা করে দুদক।
ডেসটিনি মাল্টিপারপাস কো-অপারেশন (এমএলএম) ও ট্রি-প্লান্টেশেন প্রকল্পের নামে গ্রাহকদের কাছ থেকে সংগ্রহ করা অর্থ পাচারের ‘প্রমাণ’ পেয়ে দুদকের উপপরিচালক মো. মোজাহার আলী সরদার ও সহকারী পরিচালক মো. তৌফিকুল ইসলাম মুদ্রা পাচার প্রতিরোধ আইনে মামলা দুটি দায়ের করেন।
হারুনের জামিন আবেদন
দুই মামলায় হারুন-অর-রশীদের জামিনের আবেদন রোববার খারিজ হওয়ার পর কিছুটা ভিন্ন প্রক্রিয়ায় আবার হাই কোর্টে আবেদন করেছেন তিনি।
বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি ফরিদ আহমেদের বেঞ্চে দুই মামলায় আলাদা দুটি আবেদন দাখিল করা হয়। সোমবার উভয় আবেদনের শুনানির দিন ধার্য করেছে আদালত।
একই দিন ‘যথাযথ’ হয়নি জানিয়ে ‘উপস্থাপিত হয়নি’ মর্মে হারুনের জামিন আবেদন খারিজ করে দেয় হাই কোর্টের একই বেঞ্চ।
নতুন জামিন আবেদন দাখিলের পর সাবেক সেনাপ্রধানের আইনজীবী আব্দুল মতিন খসরু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত বৃহস্পতিবার জামিন আবেদন খারিজের আদেশের বিরুদ্ধে আমরা হাই কোর্টে আপিল করেছি। আপিলের মধ্যে উভয় মামলায় জামিন আবেদনও রয়েছে। আগামীকাল (সোমবার) এই আবেদনের উপর শুনানির দিন ধার্য রেখেছে আদালত।
রিমান্ডের আবেদন
মুদ্রা পাচারের দুই মামলায় হারুন-অর-রশিদ, রফিকুল আমিন ও মোহাম্মদ হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য ২০ দন হেফাজতে চেয়ে দুর্নীতি দমন কমিশনের আবেদনের শুনানির জন্য ১৭ অক্টোবর দিন রেখেছে আদালত।
রোববার ঢাকার মহানগর হাকিম আতিকুর রহমান আসামিদের উপস্থিতিতে এই দিন ধার্য করেন। তিন আসামিকে কারাগার থেকে আদালতে আনা হয়।
গত বৃহস্পতিবার ডেসিটিনির প্রেসিডেন্ট, চেয়ারম্যান এবং ব্যবস্থাপনা পরিচালককে এক মামলায় ১০ দিন করে দুই মামলায় ২০ দিন হেফাজতের আবেদন করেন তদন্ত কর্মকর্তা দুদকের উপ-পরিচালক মোজহার আলী সরদার এবং সহকারী পরিচালক তৌফিকুল ইসলাম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/পিবি/এমআই/২২১৫ ঘ.
bdnews24