ঢাকা, অক্টোবর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চীনের কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে সাত দিনের সফরে বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া সেদেশের উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন।
রোববার দুপুর ১টা ৩৫ মিনিটে থাই এয়ার লাইন্সের একটি বিমানে ব্যাংকক রওনা হয়েছেন তিনি।
বিরোধী দলীয় নেতার প্রেসসচিব মারুফ কামাল খান জানান, বিরোধী দলীয় নেতা স্থানীয় সময় বিকাল ৫টায় ব্যাংকক পৌঁছাবেন। সেখানে রাত্রিযাপন শেষে সোমবার সকালে তিনি বেইজিং এর উদ্দেশ্যে রওনা হবেন।
প্রেসসচিব বলেন, “এই সফরে চীন সরকার ও সেদেশের কমিউনিস্ট পার্টির শীর্ষ নেতাদের সঙ্গে খালেদার আনুষ্ঠানিক বৈঠক হবে। বৈঠকে বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়াদিসহ দুই দেশের সম্পর্ক উন্নয়নের বিষয় নিয়ে আলোচনা হবে।”
সর্বশেষ ২০১০ সালের ১৯ ডিসেম্বরে বিরোধী দলীয় নেতা হিসেবে খালেদা জিয়া চীন সফর করেন। প্রধানমন্ত্রী থাকাকালে একাধিকবার তিনি চীন সফর করেন।
২০ অক্টোবর তার দেশে ফেরার কথা রয়েছে।
প্রতিনিধিদলে দলে রয়েছেন- দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাহবুবুর রহমান, সহসভাপতি সেলিমা রহমান, শমসের মবিন চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা সাবিহ উদ্দিন আহমেদ, বিরোধী দলীয় নেতার বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস ও একান্ত সচিব সালেহ আহমেদ।
দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে খালেদা জিয়াকে বিদায় জানাতে উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, সহসভাপতি চৌধুরী কামাল ইবনে ইউসুফ, আবদুল্লাহ আল নোমান, সাদেক হোসেন খোকা, চেয়ারপারসনের উপদেষ্টা ড.ওসমান ফারুক, অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন, যুগ্ম মহাসচিব মাহবুব উদ্দিন খোকন, রুহুল কবির রিজভী, বিরোধী দলীয় প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/আরএ/১৪০৬ ঘ.
bdnews24