২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাম্প্র্রদায়িক সন্ত্রাসদোষারোপকারীদের জবানবন্দি চেয়ে আবেদন

চট্টগ্রাম ও কক্সবাজারে সাম্প্র্রদায়িক সহিংসতার ঘটনায় পরস্পরকে দোষারোপ করে বক্তব্য দেয়া ক্ষমতাসীন ও বিরোধী দলের নেতাদের জবানবন্দি চেয়ে হাই কোর্টে আবেদন করেছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Oct 2012, 06:30 AM

Updated : 24 Aug 2022, 12:20 PM

ঢাকা, অক্টোবর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম ও কক্সবাজারে সাম্প্র্রদায়িক সহিংসতার ঘটনায় পরস্পরকে দোষারোপ করে বক্তব্য দেয়া ক্ষমতাসীন ও বিরোধী দলের নেতাদের জবানবন্দি চেয়ে হাই কোর্টে আবেদন করেছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী। ইউনুস আলী আকন্দ নামের ওই আইনজীবী এর আগে বৌদ্ধ বসতিতে হামলার ঘটনা নিয়ে একটি রিট আবেদন করেছিলেন। রোববার বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের বেঞ্চে করা এক সম্পূরক আবেদনে তিনি রাজনৈতিক নেতাদের জবানবন্দি চাওয়ার পাশাপাশি হামলার ঘটনা তদন্তে বিচার বিভাগীয় কমিশন গঠনের নির্দেশনা চেয়েছেন। এছাড়া ক্ষতিগ্রস্ত ধর্মীয় সংখ্যালঘু পরিবারগুলোকে ক্ষতিপূরণ দিতেও আদালতের নির্দেশ চেয়েছেন ইউনুস আলী। তার আবেদনে বলা হয়, ক্ষমতাসীন আওয়ামী লীগ নেতারা বিভিন্ন গণমাধ্যমকে বলেছেন, হামলার ঘটনায় বিএনপির স্থানীয় এমপি ইন্ধন দিয়েছেন। অন্যদিকে বিরোধী দল বিএনপির নেতারা বলছেন, আওয়ামী লীগ নেতারা ইন্ধন যুগিয়েছেন। “এই অবস্থায় ১৬১ ফৌজদারি কার্যধারায় তাদের জবানবন্দি লিপিবন্ধ করা যেতে পারে।” ড. ইউনুস আলী আকন্দ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আদালত আগামীকাল (সোমবার) এ বিষয়ে আদেশ দেবেন বলেছেন। ওই ঘটনায় বিচারিক কমিশন হয়নি। ঘটনার সুষ্ঠু তদন্তের স্বার্থে এটা প্রয়োজন। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে যে ক্ষতিপূরণ দেওয়া হয়েছে, তাও যথেষ্ট নয়। এ কারণে যথেষ্ট পরিমাণে ক্ষতিপূরণ চেয়ে এই আবেদন করা হয়েছে।” ফৌজাদারি কার্যবিধির ১৬১ ধারায় বলা হয়েছে, ঘটনা ও পারিপার্শ্বিক অবস্থা সম্পর্কে জানে এমন ব্যক্তিকে তদন্তকারী পুলিশ কর্মকর্তা মৌখিকভাবে জিজ্ঞাসাবাদ করতে পারেন। ওই ব্যক্তি মামলা সম্পর্কিত তদন্তকারী কর্মকর্তার সকল প্রশ্নের জবাব দিতে বাধ্য থাকবেন। এর আগে গত ০৩ অক্টোবর হাই কোর্টের একই বেঞ্চ এ বিষয়ে একটি রুল জারি করে। চট্টগ্রামের পটিয়া এবং কক্সবাজারের রামু ও উখিয়া উপজেলায় গত ২৯ ও ৩০ সেপ্টেম্বর সংগঠিত সহিংসতায় বৌদ্ধ মন্দির, দোকানপাট ও ঘরবাড়িতে আক্রমণ ও জ্বালাও-পোড়াওয়ের ঘটনায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যর্থতা কেন আইনগত কর্তৃত্ব বহির্ভূত ঘোষণা করা হবে না- রুলে তা জানতে চাওয়া হয়। এই রিটের পরবর্তী শুনানি দিন হিসাবে মামলাটি রোববারের কার্য তালিকায় আসে। হামলার ঘটনায় স্থানীয় প্রশাসনের ‘নিষ্ক্রিয়তা’ কেনা অবৈধ ঘোষণা করা হবে না- তা জানতে চেয়ে একই দিনে আরেকটি রুল দেয় হাই কোর্টের অন্য একটি বেঞ্চ। ফেইসবুকে কোরআন অবমাননার অভিযোগে ২৯ সেপ্টেম্বর রাতে কক্সবাজারের রামুতে বৌদ্ধ মন্দির ও ঘরবাড়িতে হামলা, অগ্নিসংযোগ ও ভাংচুর চালায় ধর্মীয় উগ্রপন্থীরা। পরদিন চট্টগ্রামের পটিয়া এবং কক্সবাজারের উখিয়া ও টেকনাফে নতুন করে হামলা হয়। হামলার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর ঘটনাস্থল পরিদর্শন করে হামলার ঘটনায় স্থানীয় সাংসদ ও বিএনপি নেতা লুৎফর রহমান কাজলের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। অন্যদিকে প্রধান বিরোধী দল বিএনপির একটি ‘তদন্ত দল’ ঘটনাস্থল ঘুরে এসে দাবি করে, সরকারের ‘পরোক্ষ’ মদদেই বৌদ্ধ বসতিতে হামলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/জেকে/১২২১ ঘ.