নারায়ণগঞ্জ, অক্টোবর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ‘পুলিশ পরিচয়ে’ গার্মেন্টস পণ্যবাহী একটি কাভার্ডভ্যান ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে।
কাভার্ডভ্যানের চালক ও হেলপার দাবি করছেন, ছিনতাইকারীরা পুলিশ পরিচয় দিয়ে তাদের গতিরোধ করে। পরে তাদেরকে অজ্ঞান করে মালামালসহ ভ্যানটি নিয়ে পালিয়ে যায়।
শনিবার দুপুরে পুলিশ নরসিংদীর ইটাখোলা থেকে ভ্যানের চালক ও হেলপারকে অচেতন অবস্থায় উদ্ধার করেছে। পরে জিজ্ঞাসাবাদের জন্য তাদেরকে আটক করা হয়।
সোনারগাঁও থানার ওসি হারুন অর রশিদ জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। ভ্যানের চালক ও হেলপারকে আটক করা হয়েছে।
মালামাল উদ্ধারে অভিযান চলছে বলেও জানান ওসি।
কাঁচপুরে অবস্থিত শিল্প প্রতিষ্ঠান সিনহা ওপেক্স গ্রুপের প্রশাসনিক কর্মকর্তা দেলোয়ার হোসেন জানান, শুক্রবার রাত দুইটায় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা তাদের একটি কাভার্ডভ্যন (ঢাকা মেট্ট্রো ট ১৬-৪১৩১) সোনারগাঁও উপজেলার মোগড়াপাড়া চৌরাস্তা বাসস্ট্যান্ড এলাকায় ছিনতাইকারীদের কবলে পড়ে। এ ঘটনায় সোনারগাঁও থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
ভ্যানটিতে প্রায় ৭৭ লাখ টাকা মূল্যের কাপড় ছিল বলে দবি করেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএ/এইচএ/২২৫০ ঘ.
bdnews24