ঢাকা, অক্টোবর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান গোলাম রহমান জানিয়েছেন, বাংলাদেশের আইন অনুসারেই পদ্মাসেতু প্রকল্পে দুর্নীতির অভিযোগ তদন্তের বিষয়ে সম্মতি দিয়েছেন বিশ্ব ব্যাংকের পর্যবেক্ষকরা।
পাশাপাশি পরবর্তী ব্যবস্থা নেয়ার ক্ষেত্রেও বাংলাদেশের আইনই অনুসরণ করা হবে বলে জানিয়েছেন দুদক চেয়ারম্যান।
আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) সাবেক প্রধান প্রসিকিউটর লুই গাব্রিয়েল মোরেনো ওকাম্পো নেতৃত্বাধীন বিশ্ব ব্যাংকের তিন সদস্যের এই পর্যবেক্ষক দলের সঙ্গে বৈঠক শেষে রোববার বিকালে এ কথা বলেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে দুদক চেয়ারম্যান বলেন, “এ ব্যাপারে আমরা উভয় পক্ষ একমত হয়েছি। তদন্ত পরিচালনায় বাংলাদেশের আইন ও বিধান অনুসরণ করা হবে এবং একই আইন অনুসরণ করে ব্যবস্থা নেয়া হবে।”
দুপুরে দুটি গাড়িতে করে রাজধানীর সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে পৌঁছান বিশ্ব ব্যাংকের পর্যবেক্ষক দলের প্রতিনিধিরা।
পর্যবেক্ষক দলের অন্য দুই সদস্য হলেন- হংকংয়ের দুর্নীতিবিরোধী স্বাধীন কমিশনের সাবেক কমিশনার টিমোথি টং এবং যুক্তরাজ্যের দুর্নীতি দমন কার্যালয়ের সাবেক পরিচালক রিচার্ড অল্ডারম্যান।
ঢাকায় বিশ্ব ব্যাংকের প্রতিনিধি অ্যালেন গোল্ডস্টেইনও এ সময় তাদের সঙ্গে ছিলেন।
পদ্মা সেতুর কথিত দুর্নীতির তদন্ত পর্যবেক্ষণে ৫ অক্টোবর এই প্যানেল গঠনের ঘোষণা দেয় বহুজাতিক ঋণদাতা সংস্থাটি। মোরেনো ওকাম্পো নেতৃত্বাধীন এই প্যানেলকে সহযোগিতা করা হবে বলে ইতোমধ্যে সরকার ও দুর্নীতি দমন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে।
তিন ঘণ্টাব্যাপী বৈঠক শেষে দুদকের আইনজীবী আনিসুল হকও একই মত তুলে ধরে সাংবাদিকদের জানান, দুদক ও বিশ্ব ব্যাংক তদন্তের প্রক্রিয়ায় বাংলাদেশের আইন অনুসরণের বিষয়ে সম্মত হয়েছে।
আনিসুল হক ছাড়াও গোলাম রহমান ও অ্যালেন গোল্ডস্টেইনও বৈঠক শেষে অপেক্ষমান সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
গোলাম রহমান বলেন, “বিশ্ব ব্যাংকের প্যানেল দুর্নীতি প্রতিরোধ সংশ্লিষ্ট আইন-বিধান জানতে চেয়েছে এবং দুদক তাদেরকে সন্তোষজনক উত্তর দিয়েছে।”
ওই প্যানেল দুদককে কোনো তথ্য দিয়েছে কি না জানতে চাওয়া হলে ‘না’ সূচক জবাব দেন তিনি। দুদক চেয়ারম্যান বলেন, “দুদকের তদন্তে কোনো বিচ্যুতির অভিযোগ করেনি ওই প্যানেল।”
আনিসুল বলেন, “বৈঠকে দুদকের নেয়া পদক্ষেপের মূল্যায়ন করা হয় এবং প্যানেল জানতে চেয়েছে দুর্নীতির ষড়যন্ত্র করা বাংলাদেশে অপরাধ কি না।”
অ্যালেন গোল্ডস্টেইন জানান, পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতি তদন্তে একসঙ্গে কাজ করার পদ্ধতি নিয়ে দুদক ও বিশ্বব্যাংক বহিঃপ্যানেলের মধ্যে আলোচনা হয়েছে।
“প্যানেল যাতে পরামর্শ দিতে পারে সে বিষয়ে আলোচনা হয়েছে এবং তদন্তের বৈশিষ্ট্যও পর্যালোচনা করা হয়েছে। তদন্তের স্বচ্ছতা পর্যালোচনা করার উদ্দেশ্য নিয়েই ওই প্যানেল ঢাকায় এসেছে।”
দুদকের সঙ্গে বৈঠক প্রসঙ্গে তিনি বলেন, “দুদকের সঙ্গে আমাদের ফলপ্রসূ প্রাথমিক বৈঠক হয়েছে এবং তারা আমাদের প্রতি পূর্ণ সহযোগিতা দেখিয়েছে।”
৬ কিলোমিটার দীর্ঘ পদ্মা সেতু তৈরিতে গত বছর বিশ্ব ব্যাংক ছাড়াও এডিবি, আইডিবি ও জাইকার সঙ্গে ঋণচুক্তি করে বাংলাদেশ। কিন্তু বিশ্ব ব্যাংক প্রকল্পে ঋণ বাতিল করলে তা ঝুলে যায়।
পদ্মা প্রকল্পে পরামর্শক নিয়োগে প্রাকযোগ্য প্রতিষ্ঠান কানাডাভিত্তিক এসএনসি লাভালিনের দুই কর্মকর্তাকে কানাডা পুলিশ আটক করার পর দুর্নীতির অভিযোগ উঠে আসে। দুর্নীতির অভিযোগ তোলার পর গত সেপ্টেম্বরে ঋণচুক্তি স্থগিত করে বিশ্ব ব্যাংক। তখন সরকারকে কয়েকটি শর্ত দেয়া হয়েছিল। কিন্তু তা পালন হয়নি জানিয়ে চুক্তি বাতিল করে তারা।
চুক্তি বাতিলের পর অবশ্য শর্ত পূরণে সাবেক যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন পদত্যাগ করেন। ছুটিতে পাঠানো হয় প্রকল্পের ইন্টিগ্রিটি অ্যাডভাইজর মসিউর রহমান ও সেতু বিভাগের সাবেক সচিব মোশারররফ হোসেন ভূঁইয়াকে।
পাশাপাশি দুর্নীতি দমন কমিশনের তদন্ত পর্যবেক্ষণ করতে দিতেও রাজি হয় সরকার, যার ফলে প্রকল্পে ফেরার ঘোষণা দেয় বিশ্ব ব্যাংক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/এসডব্লিউ/এইচএএইচ/এএল/১৯৩৫ ঘ.
bdnews24