২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচন শান্তিপূর্ণ হলেও ত্রুটি ছিল: ফেমা

গাজীপুর-৪ আসনের উপনির্বাচন শান্তিপূর্ণ হলেও প্রধান বিরোধীদল বিএনপি অংশ না নেয়ায় কাপাসিয়াবাসী বিস্তৃত পরিসর থেকে প্রতিনিধি নির্বাচন করতে পারেনি বলে পর্যবেক্ষণ দিয়েছে ফেয়ার ইলেকশন মনিটরিং অ্যালায়েন্স- ফেমা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Sep 2012, 04:10 PM

Updated : 24 Aug 2022, 12:14 PM

ঢাকা, সেপ্টেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুর-৪ আসনের উপনির্বাচন শান্তিপূর্ণ হলেও প্রধান বিরোধীদল বিএনপি অংশ না নেয়ায় কাপাসিয়াবাসী বিস্তৃত পরিসর থেকে প্রতিনিধি নির্বাচন করতে পারেনি বলে পর্যবেক্ষণ দিয়েছে ফেয়ার ইলেকশন মনিটরিং অ্যালায়েন্স- ফেমা। রোববার ফেমার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। সকাল থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা কাপাসিয়ার মানুষ তাদের প্রতিনিধি নির্বাচনে ভোট দেন। এতে আওয়ামী লীগ প্রার্থী তাজউদ্দীনকন্যা সিমিন হোসেন রিমি বিজয়ী হয়েছেন। নির্বাচনে প্রধান বিরোধী দল বিএনপি অংশ নেয়নি। তাছাড়া ভোট শেষের কিছুক্ষণ আগে প্রধান প্রতিদ্বন্দ্বী আফসার উদ্দিন আহমদ জাল ভোট ও কেন্দ্র দখলের অভিযোগ তুলে নির্বাচন প্রত্যাখ্যান করেছেন। ফেমার বিজ্ঞপ্তিতে বলা হয়, আন্তর্জাতিক গণতান্ত্রিক মান অনুযায়ী ত্রুটিমুক্ত নির্বাচনে সবার অংশগ্রহণ থাকতে হয়, যা কাপাসিয়ার নির্বাচনে ছিল না। তবে ভোটার কম হলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক উপস্থিতিতে ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। এ নির্বাচনে ২ লাখ ১১ হাজার ৮৮৪ জন ভোটারের মধ্যে মোট ভোট পড়েছে ৯১ হাজার ৭৯৬। এর মধ্যে বৈধ ভোট ৯১ হাজার ১৭৮, ভোট বাতিল হয়েছে ৬১৮টি। এ হিসেবে ভোট পড়ার হার ৪৩ দশমিক ৩০ শতাংশ। এই উপনির্বাচনের বিষয়ে ফেমার মূল্যায়ন: প্রধান বিরোধী দল নির্বাচন থেকে বিরত থাকায় এ নির্বাচনকে সম্পূর্ণ অংশগ্রহণমূলক নয়। এ কারণে কাপাসিয়াবাসী অপেক্ষাকৃত বি¯তৃত পরিসর থেকে তাদের প্রতিনিধি নির্বাচন করা থেকে বঞ্চিত হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ডিডি/এএল/২২০৫ ঘ.