গাইবান্ধা, সেপ্টেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাইবান্ধার সুন্দরগঞ্জে বিএনপি ও জামায়াত নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে অন্তত ৪০ জন আহত হয়েছেন।
পুলিশ জানায়, রোববার বিকালে উপজেলা শহরে এ সংঘর্ষের সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে অন্তত ১০০ রাউন্ড রাবার বুলেট ও ২ রাউন্ড কাঁদানে গ্যাস ছোড়া হয়। ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করা হয় ১০ জনকে।
উপজেলা বিএনপির সভাপতি মাজাহারুল ইসলাম সাংবাদিকদের বলেন, বিকাল ৫টার দিকে কেন্দ্রীয় কর্র্র্মসূচির অংশ হিসেবে উপজেলা বিএনপি ও জামায়াত শহরে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শহরের আমতলীর মোড়ে এলে পুলিশ তাতে অতর্কিতে লাঠিপেটা করে তাদের অন্তত ৪০ নেতাকর্মীকে আহত করে।
সুন্দরগঞ্জ থানার ওসি জালাল উদ্দিন সাংবাদিকদের বলেন, শহরের আমতলীর মোড়ে মিছিলকারীরা পুলিশের উপর ইট-পাটকেল নিক্ষেপ করতে থাকে। পুলিশ এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে মিছিলে লাঠিপেটা করে।
“এতে মিছিলকারীরা আরো বেপরোয়া হয়ে লাঠিসোটা নিয়ে পুলিশের উপর চড়াও হয়। এতে ৮ পুলিশসহ ৩০/৪০ জন আহত হয়। কনস্টেবল নিতাই চন্দ্রকে গুরুতর অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/২১৪০ ঘ.
bdnews24