২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভেড়ামারার সেই ইউএনও’র বিরুদ্ধে বিক্ষোভ

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রাজিবুল ইসলামের বিরুদ্ধে ধর্মীয় উগ্রপন্থীদের উস্কানি দেয়াসহ বিভিন্ন অভিযোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে এলাকাবাসী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Sep 2012, 02:58 PM

Updated : 24 Aug 2022, 12:14 PM

কুষ্টিয়া, সেপ্টেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রাজিবুল ইসলামের বিরুদ্ধে ধর্মীয় উগ্রপন্থীদের উস্কানি দেয়াসহ বিভিন্ন অভিযোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে এলাকাবাসী। রোববার দুপুরে ‘ভেড়ামারা উপজেলাবাসী’ ব্যানারে করা মিছিলে নেতৃত্ব দেন ভারপ্রাপ্ত উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহাজাহান আলী। মিছিলটি পরিষদ চত্বর থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে স্থানীয় ডাকবাংলোর সামনে তারা সমাবেশ করেন। গত ৭ সেপ্টেম্বর মোকারিমপুর ইউনিয়নের ইসলামপুর গ্রামে সুফিবাদী সংগঠন তরিকতে আহলে বাইত বাংলাদেশ-এর অনুসারী ইমামিয়া নিজামিয়া চিশতিয়া দরবার শরীফে ইউএনও’র উপস্থিতিতে হামলা ও অগ্নিসংযোগ করে এবং লুটপাট চালায় উগ্রপন্থীরা। পুলিশ দরবার থেকে সুফিভক্ত শহীদুল ইসলাম (৫৪) ও আসলাম উদ্দিনকে (৪০) গ্রেপ্তার করে। পরে ১৭ সেপ্টেম্বর দরবার শরীফের পাশের ইসলামপুর দারুস সালাম মাদ্রাসার মাঠে ‘তৌহিদী জনতা’র ব্যানারে এক ‘ইসলামী সমাবেশে’ বিভিন্ন মাদ্রাসার প্রধানদের সঙ্গে ইউএনও মোহাম্মদ রাজিবুল ইসলামও বক্তব্য দেন। এই সমাবেশ থেকে গিয়েই উগ্রপন্থীরা সুফিভক্ত শহীদুলের বাড়িতে হামলা চালিয়ে একটি লিচু বাগানের সব গাছ কেটে তাতে আগুন ধরিয়ে দেয়। এসব ঘটনায় নির্যাতিতরা ইউএনও রাজিবুল ইসলামকে দায়ী করলে তার প্রতিক্রিয়ায় তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছিলেন, “যা কিছু করেছি সবই আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে করেছি।” উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহাজাহান আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ইউএনও’র দায়িত্ব ছিল ওই দিনের পরিস্থিতিকে শান্ত করা। কিন্তু তিনি তা না করে উগ্রপন্থীদের সঙ্গে একমঞ্চে দাঁড়িয়ে বক্তব্য দিয়েছেন, তাদের উস্কানি দিয়েছেন। যিনি একটি পরিবারের জানমালের নিরাপত্তা দিতে পারেন না, তিনি কীভাবে গোটা উপজেলাবাসীর নিরাপত্তা দেবেন। এলাকাবাসী ঘটনার তদন্ত চায় এবং ইউএনও’র অপসারণ দাবি করছে। এছাড়া ইউএনও দুর্নীতি ও অনিয়মে জড়িয়ে পড়েছেন বলে অভিযোগ করেন এই চেয়ারম্যান বলেন, উপজেলা মসজিদ, অফিসার্স ক্লাব নির্মাণ ও বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অর্থ আত্মসাতের ঘটনায়ও জড়িত ইউএনও। এসবের তদন্ত হতে হবে। এ বিষয়ে ইউএনও রাজিবুল ইসলামের সঙ্গে কথা বলতে চাইলে তিনি প্রথমে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধির ওপর ক্ষেপে যান। পরে এ ব্যাপারে কোনো মন্তব্য বা মতামত দিতে অপারগতা প্রকাশ করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/২০৪৭ ঘ.