ঢাকা, সেপ্টেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিয়ম ভেঙে সিম বিক্রি করার দায়ে প্রায় সাড়ে ছয় কোটি টাকা জরিমানার বিষয়ে আপিল করেছে ছয় মোবাইল ফোন অপারেটর।
রোববার বিটিআরসি সম্মেলন কক্ষে সাংবাদিকদের এ তথ্য জানিয়ে বিটিআরসি ভাইস চেয়ারম্যান গিয়াসউদ্দিন আহমেদ বলেন, অপারেটরদের আপিল বিবেচনা করে সিদ্ধান্ত নেয়া হবে।
ছয়টি অপারেটরকে এক মাসের মধ্যে ওই জরিমানার অর্থ পরিশোধ করতে বলা হয়েছিল।
১৫ হাজার ২৫৪টি অবৈধ সিম বিক্রির জন্য গত ১৪ অগাস্ট এ জরিমানা করে বিটিআরসি।
জরিমানার চিঠিতে উল্লেখ করা হয়, অবৈধ কল টার্মিনেশনের বিরুদ্ধে অভিযান চালানোর সময় বিটিআরসি ও র্যাব এই সিমগুলো উদ্ধার করে। সিমগুলোর বেশির ভাগই কল টার্মিনেশনে (ভিওআইপি) ব্যবহার হয়েছে। প্রত্যেক সিমের জন্য জরিমানা করা হয়েছে ৫০ মার্কিন ডলার হিসেবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/এএল/১৯২২ ঘ.
bdnews24