২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাঈদীর কর ফাঁকির মামলায় সাক্ষ্য আবার পেছাল

কর ফাঁকির মামলায় জামায়াতে ইসলামীর নায়েবে আমীর দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আবার পিছিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Sep 2012, 12:25 PM

Updated : 24 Aug 2022, 12:14 PM

ঢাকা, সেপ্টেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কর ফাঁকির মামলায় জামায়াতে ইসলামীর নায়েবে আমীর দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আবার পিছিয়েছে। এর আগে দশ দফা তারিখ বদলের পর রোববারও সাক্ষী হাজির না হওয়ায় ঢাকার ৩ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মোজাম্মেল হোসেন সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ৩০ নভেম্বর নতুন দিন রাখেন। জাতীয় রাজস্ব বোর্ডের উপ-কর কমিশনার মাসুমা খাতুন ২০১০ সালের ১৯ আগস্ট ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতে এ মামলা করেন। মামলার অভিযোগে বলা হয়, ২০০৫ সালের ১ জুলাই থেকে ২০০৯ সালের ৩০ জুন সময়ের মধ্যে সাঈদী ২ কোটি ২৭ লাখ ৪০ হাজার ১২০ টাকার আয় এবং সম্পদের তথ্য গোপন রেখে ওই আয়ের উপর প্রযোজ্য ৫৬ লাখ ৪৬ হাজার ৮১২ টাকার কর ফাঁকি দিয়েছেন। গত বছরের ৩১ অক্টোবর ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মামলাটির নথি বিচারের জন্য এ আদালতে পাঠান। বিচারক এ বছরের ২২ আগস্ট সাঈদীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। পরে একই বিচারক সাঈদীর বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। এ মামলায় হাইকোর্ট থেকে জামিন পেলেও একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় বর্তমানে কারাগারে রয়েছেন সাইদী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এইচএএইচ/জেকে/১৮১৮ ঘ.