মঈনুল হক চৌধুরী, শহীদুল ইসলাম,
আশিক হোসেন ও আবুল হোসেন
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
ঢাকা, সেপ্টেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনে উপনির্বাচনে ভোটারের উপস্থিতি ছিল খুব কম।
বিরোধী দল নির্বাচনে না থাকায় ভোটাররা আগ্রহ হারিয়েছেন বলেই এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
একই পরিবারের দুই প্রার্থী এবং এর বাইরে একজন মাত্র প্রার্থী থাকায় ভোটারদের এ অনাগ্রহ বলে অভিমত তাদের।
আরিফ মইনুদ্দিন নামের এক ভোটার বলেন, “পতিযোগিতা নাই গা। এক প্রার্থী, এক দল। বিরোধী দল নাই গা। তাই জমেও নাই- হাঁচা কতা। সবাই থাকলে উৎসাহ থাকতো।”
গত নির্বাচনে তিনি শুধু ভোটই দেননি, ভোটারদের ভোট কেন্দ্রে নিয়ে যেতে তার উৎসাহেরও কমতি ছিল না বলে জানান আরিফ।
ভোট দিয়ে এসে পঞ্চাশোর্ধ্ব নুরুদ্দিনও জানালেন অনীহার কথা।
তিনি বলেন, “ভাই ভোট দিলাম দেরিতে। পয়লা ভাবছি, যাবো না। পরে গেলাম কেন্দ্র দেখতে। লোক নাই। তো পার্টি আছে একটা। যে কয়টা ভোট পড়বো সব ওই দলে যাবে। ভোট দিয়া লাভ কী। যারাই ভোট দিতাছে, হেরাই পাইতাছে। আরো পার্টি থাকলে জমতো।”
ভোটার সুমন, হিরণসহ অনেকে বলেন, ভোটে তো মজা নাই। দুই প্রার্থী টিকবো না। একজনই ভোট পাইবো। তয় ভোট দিতে কেন্দ্রে যাইতে মন নাই।”
নির্র্বাচন কর্মকর্তারাও জানান, সকালে উপস্থিতি কম, তার ওপর অঝোর ধারায় বৃষ্টিতে ভোট গ্রহণের হারও কম। ৪০ শতাংশ ভোট পড়তে পারে বলে ধারণা করছেন অনেকে।
নির্বাচন পর্যবেক্ষকরাও ভোটের হার অপেক্ষাকৃত কম বলে জানিয়েছেন।
বেলা দেড়টায় কাপাসিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা দেলোয়ার হোসেন জানান, ২৪ শতাংশ ভোট পড়েছে।
“দুই হাজার ৬৯৯ ভোটের মধ্যে ৫৯৪ ভোট পড়েছে এখন পর্যন্ত। বিকাল হতে হতে ভোটারের উপস্থিতি বাড়তে পারে,” বলেন তিনি।
নির্বাচন পর্যবেক্ষক অধ্যাপক তোফায়েল আহমেদের মতে পাঁচটি কারণেই এ উপনির্বাচনে ভোটাদের মধ্যে তেমন আগ্রহ নেই।
“বিরোধী দল নেই, সরকারের মেয়াদ বাকি আছে মাত্র এক বছর, শক্তিশালী দুই প্রার্থী একই পরিবারের, এ নির্বাচনের রাজনৈতিক গুরুত্ব না থাকা এবং এসব প্রার্থীর জনসম্পৃক্ততার অভাব- মূলত এসব কারণেই ভোট নিয়ে মানুষের আগ্রহ নেই বললেই চলে, ” বলেন তিনি।
নির্বাচন কর্মকর্তারা বলছেন, উপনির্বাচনে সাধারণত ভোটারদের উপস্থিতি অপেক্ষাকৃত কম থাকে। তার ওপর গাজীপুরে উপনির্বাচনে তাজউদ্দিন পরিবারের এক সদস্যের স্বেচ্ছায় সরে গিয়ে তারই বোন অংশ নেওয়ায় মানুষের মনে ভোট নিয়ে উৎসাহ নেই।
বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদের ছেলে সোহেল তাজের পদত্যাগের পর এ নির্বাচনে তারই বোন সিমিন হোসেন রিমি আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। রিমির সঙ্গে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন তারই চাচা আফসার উদ্দিন আহমদ খান। আর বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) মনোনীত প্রার্থী আসাদুল্লাহ বাদলও রয়েছেন এ নির্বাচনী দৌঁড়ে।
রিমি এ নির্বাচন নিয়ে সন্তোষ প্রকাশ করলেও অন্য দুই প্রার্থী তা মেনে না নেয়ার ইঙ্গিত দিয়েছেন।
রিটার্নিং কর্মকর্তা মিহির সারওয়ার মোর্শেদ বলেন, সকালে ভোটার উপস্থিতি কম ছিল। তবে বিকালে তা বাড়তে পারে।
বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে ২০০৪ সালের ৬ জুন অনুষ্ঠিত ঢাকা-১০ আসনের উপ নির্বাচনের মতো দুই লক্ষাধিক এ ভোটার এলাকারও একই অবস্থা হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
ইসি সচিবালয়ের একজন উপসচিব জানান, ঢাকা-১০ আসনের উপ নির্বাচনে সর্বনিম্ন ভোট পড়েছিল।
গত তত্ত্বাবধায়ক সরকারের সময় গণপ্রতিনিধিত্ব আদেশ সংশোধনের সময় ৫০ শতাংশ ভোট না পড়লে পুনর্নির্বাচনের একটি বিধান নির্বাচনী আইনে যুক্ত করার প্রস্তাব এলেও রাজনৈতিক দলসহ বিভিন্ন মহলের আপত্তিতে তা আর বাস্তবায়ন হয়নি। এ জন্য যাই ভোট পড়–ক না কেনো তাতেই ফল নির্ধারিত হবে।
নবম সংসদ নির্বাচনে এ আসনে সোহেল তাজ ১ লাখ ১০ হাজার ৬৮২ ভোট পেয়ে জয়ী হন। বিএনপির আবদুল মজিদ পান ৬৪ হাজার ৪৬৬।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এসআই/এএইচএ/এএইচ/১৬১২ ঘ.
bdnews24