২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তেল-গ্যাস রক্ষা কমিটির কর্মসূচিতে পুলিশের পিটুনি

বিদ্যুতের দাম বৃদ্ধির সিদ্ধান্ত বাতিলের দাবিতে তেল-গ্যাস খনিজসম্পদ ও বিদ্যুত-বন্দর রক্ষা জাতীয় কমিটির জ্বালানি মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচি লাঠিপেটা করে ও টিয়ার শেল ছুড়ে পণ্ড করে দিয়েছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Sep 2012, 08:36 AM

Updated : 24 Aug 2022, 12:14 PM

ঢাকা, সেপ্টেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিদ্যুতের দাম বৃদ্ধির সিদ্ধান্ত বাতিলের দাবিতে তেল-গ্যাস খনিজসম্পদ ও বিদ্যুত-বন্দর রক্ষা জাতীয় কমিটির জ্বালানি মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচি লাঠিপেটা করে ও টিয়ার শেল ছুড়ে পণ্ড করে দিয়েছে পুলিশ। এর প্রতিবাদে সোমবার বিকাল ৫টায় বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে সংগঠনটি। পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী কমিটির আহ্বায়ক ইঞ্জিনিয়ার শেখ মো.শহীদুল্লাহর নেতৃত্বে নেতাকর্মীরা রোববার সকাল সাড়ে ১১টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে জড়ো হন। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ শেষে তারা মিছিল করে প্রেসক্লাবে উত্তর গেইট থেকে পল্টন ঘুরে জ্বালানি মন্ত্রণালয়ের দিকে অগ্রসর হলে পুলিশের বাধার মুখে পড়েন। এ সময় তেল-গ্যাস রক্ষা কমিটির মিছিলটি ব্যারিকেড ভেঙে এগোতে চাইলে পুলিশ সদস্যদের সঙ্গে তাদের ধস্তাধস্তিও হয়। পরে কাঁদানে গ্যাসের শেল ছুড়ে ও লাঠিপেটা করে তাদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। এ সময় প্রেসক্লাবের সামনের রাস্তার দক্ষিণ দিকের অংশে যান চলাচল কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে যায়। কমিটির আহ্বায়ক শেখ মো. শহীদুল্লাহ বলেন, “পুলিশের লাঠিপেটায় তাদের প্রায় ৫০ জন কর্মী সদস্য আহত হয়েছেন। এর প্রতিবাদে সোমবার বিকাল ৫টায় বিক্ষোভ কর্মসূচি ডাকা হয়েছে বলে শহীদুল্লাহ জানান। এদিকে পুলিশের ছোড়া টিয়ার শেল মুখে লেগে সংগঠনের কর্মী ও রণেশ দাশগুপ্ত চলচ্চিত্র সংসদের সাধারণ সম্পাদক আরাফাতুল কবির রিজভী (৩৪) গুরুতর আহত হয়েছেন বলে জানিয়েছেন তেল-গ্যাস রক্ষা কমিটির নেতা রুহিন হোসেন প্রিন্স। তিনি জানান, রিজভীকে প্রথমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ, সাবেক পিজি) এবং সেখান থেকে পান্থপথের হেলথ এন্ড হোপ হাসাপাতালে ভর্তি করা হয়েছে। বিএসএমএমইউর ওরাল অ্যান্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি বিভাগের চেয়ারম্যান কাজী বিল্লুর রহমান সাংবাদিকদের জানান, রিজভীর আটটি দাঁত পড়ে গেছে। চোয়াল ও নাকের হাড় ভেঙে গেছে। তেল-গ্যাস রক্ষা কমিটির মিছিলে লাঠিপেটা করার অভিযোগ অস্বীকার করে ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপ কমিশনার সৈয়দ নুরুল ইসলাম বলেন, “তাদের সরিয়ে দিতে দুই রাউন্ড কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করা হয়েছে।” কাঁদানে গ্যাস কেন ছোড়া হলো- সাংবাদিকদের এমন প্রশ্নে জবাবে এই পুলিশ কর্মকর্তা বলেন, “সচিবায়লয়ে এভাবে মিছিল নিয়ে যাওয়ার নিয়ম নেই। বার বার নিষেধ সত্ত্বেও তারা ব্যারিকেড ভেঙে এবং ফেস্টুনের লাঠি দিয়ে পুলিশ সদস্যদের আঘাত করে সামনে অগ্রসর হচ্ছিল। পুলিশ বাধ্য হয়েই কাঁদানে গ্যাস নিক্ষেপ করেছে।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এমডি/সিএস/জেকে/১৪৩০ ঘ.