২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পরিবারের সঙ্গে জন্মদিন কাটালেন শেখ হাসিনা

নিউ ইয়র্কে পরিবারের সদস্যদের সঙ্গে জন্মদিন পালন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Sep 2012, 05:38 PM

Updated : 24 Aug 2022, 12:13 PM

লাবলু আনসার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধি নিউ ইয়র্ক, সেপ্টেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিউ ইয়র্কে পরিবারের সদস্যদের সঙ্গে জন্মদিন পালন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছেলে সজীব ওয়াজেদ জয়, কন্যা সায়মা হোসেন পুতুল ও নাতি-নাতনিদের নিয়ে পারিবারিক আমেজে কেক কেটে ৬৫তম জন্মবার্ষিকী পালন করেন বঙ্গবন্ধু কন্যা। নিউ ইয়র্কে বৃহস্পতিবার রাত ১২টার পর গ্র্যান্ড হায়াত হোটেলে প্রধানমন্ত্রীর সুইটে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। একই সময়ে হোটেল লবিতে কেক কাটে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ এবং যুক্তরাষ্ট্র যুবলীগসহ বিভিন্ন সংগঠন। মধ্যরাতেও বিপুলসংখ্যক নেতা-কর্মী অংশ নেন এ অনুষ্ঠানে। তারা আওয়ামী লীগ সভানেত্রীর সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে বিশেষ মুনাজাতেও শরিক হন। হোটেল লবিতে কেক কাটার প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ, জাতিসংঘে বাংলাদেশ মিশনের কালচারাল মিনিস্টার অধ্যপক মমতাজ উদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে গত ২৩ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র গেছেন শেখ হাসিনা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বেগম ফজিলাতুন্নেসা মুজিবের প্রথম সন্তান শেখ হাসিনার জন্ম ১৯৪৭ সালের ২৮ সেপ্টেম্বর গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসইউ/১১৩৬ ঘ.