মুন্সীগঞ্জ, সেপ্টেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পদ্মার তীব্র স্রোতের কারণে মাওয়া-কাওড়াকান্দি নৌ-রুটে ফেরি চলাচল যেকোনো সময় বন্ধ হয়ে যেতে পারে বিআইডব্লিউটিসি জানিয়েছে।
শুক্রবার এ রুটে চলাচলকারী ছোটবড় ১৫টি ফেরির মধ্যে মাত্র একটি চলছে। ১৪টিই বন্ধ রয়েছে। বৃহস্পতিবার বন্ধ ছিল ১১টি।
গত কয়েকদিন ধরে ফেরি চলাচল বিঘিœত হওয়ায় মাওয়ায় সৃষ্টি হয় তীব্র যানজট। যাত্রী ভোগান্তি চরমে ওঠে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন সংস্থা-বিআইডব্লিউটিসির মাওয়া ঘাট ব্যবস্থাপক মো. সিরাজুল হক বিকাল সাড়ে ৪টায় বলেন, স্রোতের তীব্রতা এভাবে বাড়তে থাকলে বর্তমান হাজরা চ্যানেল দিয়ে চলাচলকারী একমাত্র ফেরি বীরশ্রেষ্ঠ রুহুল আমিনও বন্ধ হয়ে যাবে।
তিনি বলেন, এখন পারাপার হচ্ছে স্বাভাবিকের তুলনায় মাত্র আট শতাংশ। ফলে উভয়াপাড়ে এ হাজারেরও বেশি যান আটকা পড়েছে। স্রোতের তীব্রতা বাড়তে থাকায় অবস্থার ক্রমাগত অবনতি হচ্ছে। এতে ফেরি দিয়ে পারাপারের যাত্রীদেরও অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হচ্ছে।
“গতদিনের চেয়ে পদ্মার পানি ৭ সেন্টিমিটার পানি বেড়ে বিপদসীমার ৩৪ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে,” বলেন সিরাজুল হক।
এর আগে নাব্যতা হ্রাস পাওয়ায় সোমবার কবুতরখোলা চ্যানেলে ফেরি চলাচল বন্ধ হয়ে গেছে।
এখন ফেরি চলছে লৌহজং-হাজরা ড্রেজিং চ্যানেলে। এতে দূরত্ব যেমন দুই কিলোমিটার বেড়েছে, তেমনি পড়তে হচ্ছে তীব্র স্রোতের মুখে।
২০০২ সালের দিকে পদ্মায় একবার প্রচণ্ড স্রোত দেখা দিলেও তা এবারের মতো খর¯্রােতা ছিল না বলে দাবি করেন সিরাজুল হক।
এ রুটে কাওড়াকান্দি থেকে মাওয়া এই ১৯ কিলোমিটার যেতে সময় লাগছে সাড়ে ৩ থেকে পৌনে ৫ ঘণ্টা। কিন্তু মাওয়া থেকে স্রোতের অনুকূলে কাওড়াকন্দি পৌঁছতে সময় লাগছে আড়াই ঘণ্টা।
বৃহস্পতিবার বিআইডব্লিউটিসির সহকারী মহাব্যবস্থাপক আশিকুজ্জামান বলেন, ফেরির ইঞ্জিনের গতির চেয়ে পদ্মায় স্রোতের গতি বেশি হওয়ায় মাওয়া-কাওড়াকান্দি নৌরুটে ফেরি চলাচলে অচলাবস্থার সৃষ্টি হয়েছে। সীমিতসংখ্যক ফেরি দিয়ে অব্যাহত রাখা হয়েছে পারাপার।
ফেরি সার্ভিসে সঙ্কটের কারণে যাত্রী ভোগান্তি ছাড়া এ অঞ্চলের উৎপাদিত কৃষিপণ্য পরিবহনেও সমস্যায় পড়েছেন ব্যবসায়ীরা। পণ্যবাহী ট্রাকগুলো মাওয়া ঘাটে আটকে আছে চার দিন ধরে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৫৫০ ঘ.
bdnews24