২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগি লাইনচ্যুত, ঢাকা-সিলেট ট্রেন বন্ধ

ভানুগাছ ও সমশেরনগর স্টেশনের মাঝামাঝি এলাকায় জালালাবাদ এক্সপ্রেসের একটি বগি লাইনচ্যুত হওয়ায় বিভিন্ন স্টেশনে আটকা পড়েছে চারটি ট্রেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Sep 2012, 06:09 AM

Updated : 24 Aug 2022, 12:13 PM

মৌলভীবাজার, সেপ্টেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মৌলভীবাজারের ভানুগাছ ও সমশেরনগর স্টেশনের মাঝামাঝি এলাকায় জালালাবাদ এক্সপ্রেসের একটি বগি লাইনচ্যুত হওয়ায় সিলেটের সঙ্গে ঢাকা ও চট্টগ্রামের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। শ্রীমঙ্গলের স্টেশন মাস্টার ফয়জুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শুক্রবার সকাল ৯টার দিকে এই দুর্ঘটনার ফলে বিভিন্ন স্টেশনে আটকা পড়েছে চারটি ট্রেন। তিনি জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা জালালাবাদ এক্সপ্রেস সকাল পৌনে ৯টার দিকে সিলেটের উদ্দেশ্যে শ্রীমঙ্গল স্টেশন ত্যাগ করে। এর কিছুক্ষণ পর ভানুগাছ ও সমশেরনগর স্টেশনের মাঝামাঝি এলাকায় ট্রেনটির একটি বগি লাইনচ্যুত হয়। ফলে সিলেটের সঙ্গে ঢাকা ও চট্টগ্রামের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। “কুলাউড়া থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেছে। শিগগিরই আবার ট্রেন চলাচল শুরু করা সম্ভব হবে বলে আশা করছি আমরা”, বলেন স্টেশন মাস্টার। তিনি জানান, এ দুর্ঘটনার ফলে ঢাকা থেকে সিলেটগামী আন্তঃনগর পারাবাত এক্সপ্রেস ও কুশিয়ার এক্সপ্রেস শ্রীমঙ্গল স্টেশনে, সুরমা মেইল সাতগাঁও স্টেশনে এবং সিলেট থেকে আন্তঃনগর জয়ন্তিকা এক্সপ্রেস কুলউড়ায় আটকা পড়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতনিধি/জেকে/১১৫৭ ঘ.