২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘উত্তর শিল্পায়নের জন্য ছেড়ে দক্ষিণে কৃষি’

কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেছেন, শুধু জলবায়ু পরিবর্তন নয় দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডের বিবর্তনের কারণে কৃষিকে দক্ষিণাঞ্চলে আনা হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Sep 2012, 06:10 PM

Updated : 24 Aug 2022, 12:12 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেছেন, শুধু জলবায়ু পরিবর্তন নয় দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডের বিবর্তনের কারণে কৃষিকে দক্ষিণাঞ্চলে আনা হচ্ছে। বৃহস্পতিবার রাজধানীতে একটি বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে তিনি বলেন, “বাংলাদেশ অচিরেই ট্রান্স এশিয়ান হাইওয়েতে যুক্ত হতে যাচ্ছে। এটা হলে এবং এর সঙ্গে বুড়িমারি, কড়ইতলি অঞ্চলগুলোতে বিদ্যুৎ এলে এসব এলাকায় ইন্ডাস্ট্রিয়ালাইজেশন ও কমার্শিয়ালাইজেশন বেড়ে যাবে।” শিল্পায়নের সঙ্গে সঙ্গে নতুন বাণিজ্যিক এলাকা হিসেবে গড়ে তোলার জন্য উত্তরাঞ্চলকে ‘আদর্শ’ হিসাবে মন্তব্য করে কৃষিমন্ত্রী বলেন, “আমরা এছাড়া জায়গা পাব না। উত্তর হচ্ছে হ্যাজার্ড ফ্রি এরিয়া। এ কারণে কৃষির জন্য আমরা দক্ষিণে যাওয়ার প্রস্তুতি নিচ্ছি।” প্রস্তুতির অংশ হিসাবে দেশের দক্ষিণাঞ্চলে চাষের জন্য বিজ্ঞানীদের লবণ, খরা ও জল সহিষ্ণু জাতের শস্য উদ্ভাবনের দিক নির্দেশনা দেয়া হচ্ছে জানিয়ে তিনি বলেন, “এজন্য বাইরের রিসার্চ ইন্সটিউটগুলোর সঙ্গেও আমরা আলোচনা করেছি।” রাজধানীর কারওয়ানবাজারে জার্নালিজম ট্রেনিং অ্যান্ড রিসার্চ ইনিশেয়েটিভ (যাত্রি) মিলনায়তনে সাংবাদিক ও সাংবাদিকতার শিক্ষার্থীদের জন্য রচিত গ্রন্থ ‘কৃষি সাংবাদিকতা’র প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ সব বলেন মতিয়া চৌধুরী। দক্ষিণাঞ্চলের লবণাক্ত পরিবেশের সঙ্গে সহজেই মানিয়ে যাবে বলে এই এলাকাগুলোতে ব্যাপকহারে মহিষ ও ভেড়া পালনের উদ্যোগ নেয়া হচ্ছে বলেও মন্ত্রী জাানান। “কারণ একমাত্র মহিষ ও ভেড়াই লবণ পানিতে বেঁচে থাকতে পারে,” বলেন তিনি। অনুষ্ঠানে শাইখ সিরাজ বলেন, “উত্তরাঞ্চলে পানির স্তর নিচে নেমে যাওয়ায় সেখানে এখন তিন হাজার লিটার পানি খরচ করে এক কেজি ধান উৎপাদন করতে হয়।” এছাড়া কৃষির সার্বিক উন্নয়নের জন্য সবার আগে কৃষকের ন্যায্য মূল্য প্রাপ্তি নিশ্চিত করতে হবে বলেও মন্তব্য করেন তিনি। “যারা উৎপাদন করছে তারা ঠকছে। অন্যদিকে যে অনুৎপাদক তার কাছে অর্থ বেশি চলে যাচ্ছে,” বলেন শাইখ সিরাজ। বর্তমান প্রেক্ষাপটে সাংবাদিকতায় কৃষিকে আলাদা গুরুত্ব দেয়া উচিত বলে মন্তব্য করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. গোলাম রহমান। তার সঙ্গে সহমত পোষণ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, “দেশের শতভাগ মানুষের জৈবিক অস্তিত্ব নির্ভর করে কৃষির ওপর। এটা ঠিক না থাকলে নিজেদের মানসিক অস্তিত্বও বিপন্ন হয়ে পড়ে।” অনুষ্ঠানে প্রয়াত সাংবাদিক আতাউস সামাদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। প্রকাশিত ‘কৃষি সাংবাদিকতা’ বইটির অন্যতম সম্পাদক ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক সাখাওয়াত আলী খানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে দৈনিক সমকালের সম্পাদকীয় বিভাগের প্রধান অজয় দাশ গুপ্ত, কৃষি তথ্য সার্ভিসের পরিচালক রেজাউল ইসলাম মুকুল, বইটির অন্যতম সম্পাদক খায়রুল কবির প্রমুখ বক্তব্য দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএমআর/এএইচ/এমআই/০০০১ ঘ.